হকার ইস্যুতে হামলা-সংঘর্ষের ঘটনায় পুলিশের মামলা
>* নারায়ণগঞ্জে ওই সংঘর্ষের পর এটি প্রথম মামলা
* ওই ঘটনায় এর আগে মেয়র আইভীকে হত্যাচেষ্টার অভিযোগ জিডি হিসেবে নেয় থানা
* সন্ত্রাসী নিয়াজুলের অস্ত্র ছিনতাইয়ের অভিযোগও জিডি হিসেবে নেওয়া হয়

নারায়ণগঞ্জে হকার ইস্যুতে হামলা ও সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করেছে। বুধবার গভীর রাতে সদর মডেল থানার পরিদর্শক (অপারেশন) জয়নাল আবেদীন বাদী হয়ে পুলিশের ওপর হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে এ মামলা করেন। এতে অজ্ঞাতনামা ৪০০ থেকে ৫০০ জনকে আসামি করা হয়েছে।
মামলার এজাহারে অভিযোগ করা হয়েছে, ১৬ জানুয়ারি বিকেল চারটার দিকে মেয়র সেলিনা হায়াৎ আইভী কয়েকজন কাউন্সিলরসহ লোকজন নিয়ে নগর ভবন থেকে ফুটপাত দিয়ে হেঁটে চাষাঢ়ার দিকে যাচ্ছিলেন। তাঁরা নগরের চাষাঢ়া প্রেসক্লাবের বিপরীত দিকে পৌঁছালে হকাররা আকস্মিকভাবে ইটপাটকেল নিক্ষেপ শুরু করেন। এ সময় জনৈক নিয়াজুল ইসলাম খান অস্ত্র বের করে তাঁদের মুখোমুখি হলে আইভীর সমর্থকেরা তাঁকে ধরে গণপিটুনি দেন। কে বা কারা নিয়াজুলের হাত থেকে অস্ত্রটি নিয়ে যায়। এ সময় দুই পক্ষের সংঘর্ষ ও ইটপাটকেল নিক্ষেপে মেয়র আইভীসহ অনেকে আহত হন। সংঘর্ষের সময় দায়িত্ব পালন করতে গিয়ে ইটপাটকেল নিক্ষেপে পুলিশের উপপরিদর্শক (এসআই) আবদুল হাই, সহকারী উপপরিদর্শক (এএসআই) সুরুজ্জামান, কনস্টেবল স্বপন, রাসেল, বাকির, মনির, সফিকুল আহত হন। এ সময় পুলিশ ৯৯টি শটগানের গুলি ও দুটি কাঁদানে গ্যাসের শেল ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) আবদুর রাজ্জাক জানান, ফুটপাতে হকার বসানোকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় পুলিশের ওপর হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে এ মামলা হয়েছে। মামলায় অজ্ঞাতনামা ৪০০ থেকে ৫০০ জনকে আসামি করা হয়েছে।
এদিকে হামলা-সংঘর্ষের পরদিন ১৭ জানুয়ারি অস্ত্রধারী নিয়াজুল ইসলাম অস্ত্র ছিনতাই ও হত্যাচেষ্টার অভিযোগে মেয়র আইভীর সমর্থক ১৭ জনের নাম উল্লেখ করে সদর মডেল থানায় লিখিত অভিযোগ দেন। ওই অভিযোগটি পুলিশ সাধারণ ডায়েরি (জিডি) হিসেবে রেকর্ড করে।
অন্যদিকে মেয়র আইভীকে হত্যাচেষ্টার অভিযোগে সিটি করপোরেশনের আইন কর্মকর্তা জি এম এ সাত্তার অস্ত্রধারী সন্ত্রাসী নিয়াজুল, শাহ্ নিজামসহ নয়জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও এক হাজার জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দেন। পুলিশ ওই অভিযোগটি গ্রহণ করে জিডি হিসেবে রেকর্ড করে।
এ ব্যাপারে জেলা পুলিশ সুপার মঈনুল হক বলেন, পুলিশ একটি মামলা করেছে। অন্য দুটি অভিযোগ গ্রহণ করা হয়েছে। অভিযোগ দুটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, ১৬ জানুয়ারি নারায়ণগঞ্জের চাষাঢ়ায় হকার বসানোকে কেন্দ্র করে মেয়র সেলিনা হায়াৎ আইভী ও তাঁর সমর্থকদের ওপর হকার ও সাংসদ শামীম ওসমানের ক্যাডাররা হামলা চালালে দুই পক্ষের সংঘর্ষে মেয়র-সাংবাদিকসহ শতাধিক মানুষ আহত হন। এ সময় সমর্থকেরা মানবঢাল তৈরি করে মেয়র আইভীকে রক্ষা করেন।