
রাস্তার মাঝখানে বাস দাঁড়াচ্ছে, যাত্রী তুলছে-নামাচ্ছে। আবার যাত্রীর অপেক্ষায় রাস্তার ওপরই দাঁড়িয়ে থাকছে। গুলিস্তান-বঙ্গবন্ধু অ্যাভিনিউ-জিপিও এলাকায় এখন এই অবস্থা চলছে। ফুটপাত-রাস্তায় হকার বসতে দেওয়া হচ্ছে না। কিন্তু বাস ও অন্য যানবাহনের স্বেচ্ছাচারিতা দেখার কেউ নেই। তার ওপর রাস্তায় স্তূপাকার ময়লা।
গত বৃহস্পতিবার বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত এলাকা ঘুরে এ চিত্র পাওয়া যায়। সকালেই দেখা যায়, গুলিস্তান সুন্দরবন শপিং কমপ্লেক্স থেকে শুরু করে ঢাকা ট্রেড সেন্টার, গুলিস্তান শপিং কমপ্লেক্স, পাতাল মার্কেটের ওপরে চারদিকের ফুটপাত—সবই খালি। ফুটপাতে মোটা ইস্পাত পাতের রেলিং দেওয়া হয়েছে, যাতে হকাররা বসতে না পারে। রেলিংয়ের ভেতরে-বাইরে কোথায়ও হকার বসেনি। তবে হকার না বসলেও সুন্দরবন শপিং কমপ্লেক্সের পাশ থেকে নবাবপুর যাওয়ার পথ পুরোটাই বিক্ষিপ্তভাবে থামিয়ে রাখা বাস দখল করে রেখেছিল। বাসগুলো এমনভাবে দাঁড়িয়ে যে অন্য কোনো যানবাহন যেতে পারছে না; এমনকি মোটারসাইকেলও। এক একটি বাস যাত্রী তুলছে, তারপর সামনে যাচ্ছে। গুলিস্তান মোড়ে উড়ালসড়কে ওঠার রাস্তাতেও মাওয়া, নারায়ণগঞ্জ, মেঘনা—এসব রুটের বাস। উড়ালসড়ক থেকে নেমে কোনো যানবাহন এগোতে পারছে না।
গুলিস্তানে সার্জেন্ট আহাদ পুলিশ বক্সের সামনে থেকে পাতাল মার্কেটের কাছাকাছি রাস্তাটি মনে হচ্ছিল বাসস্ট্যান্ড। বেশির ভাগ বাসই এলোমেলো দাঁড়িয়ে। পেছনে বেশ কয়েকটি রিকশা সামনে যাওয়ার চেষ্টা করেও সুযোগ পাচ্ছিল না। ঢাকা-আদমজী রুটের সৌরভ এন্টারপ্রাইজের সহকারীর (হেলপার) কাছে রাস্তায় এভাবে দাঁড়িয়ে থাকার কারণ জানতে চাইলে তিনি ভাবলেশহীনভাবে বললেন, ‘যাত্রী ভরতাছে না।’ ঢাকা-হোসেনপুর (মাধাইয়া) রুটের বাস অনির্বাণের চালক জানালায় মাথা গলিয়ে যাত্রী ডাকছিলেন, এই প্রতিবেদককে যাত্রী ভেবে তিনি দ্রুত পৌঁছে দেওয়ার আমন্ত্রণ জানালেন। ঢাকা-নারায়ণগঞ্জের দি নিউ আনন্দের তিনটি বাস নিজেদের মধ্যেই প্রতিযোগিতায় নেমেছিল। এক বাসের যাত্রী তিন বাসে। বাকি আসন কখন ভরবে—এমন প্রশ্ন করলেন যাত্রীরাই। এক বাসের যাত্রী অন্য বাসে যাওয়ার জন্য নেমে যাওয়ার চেষ্টা করলে সহকারী বাধা দিয়ে বললেন, ‘আমাগো বাস আগে যাইব।’
পুলিশ বক্সের সামনে দাঁড়ানো একজন পুলিশকে বাসগুলোর এই বিশৃঙ্খলতার বিষয়ে প্রশ্ন করলে তিনি বলেন, ‘এদের ধরতে গেলে আরও যানজট হবে।’
বিভাজকের অপর পাড়ে গুলিস্তান শপিং কমপ্লেক্সের কাছে একটি বাস রাস্তার মাঝখানেই যাত্রীদের নামিয়ে দিল। বয়োজ্যেষ্ঠ এক যাত্রী বাস থেকে ফুটপাতে যাওয়ার জন্য চলমান একটি মোটরসাইকেল থামানোর জন্য আচমকা হাত তুললেন। আচমকা বাধা পেয়ে মোটরসাইকেলচালক সামলানোর চেষ্টা করে পরে পাশ কাটিয়ে পড়তে পড়তে কোনোমতে বেঁচে গেলেন। বাসযাত্রী উল্টো প্রতিবাদ জানালেন, ‘হাত ওঠালে থামতে হয়, জানেন না?’
মাঝ রাস্তায় নামলেন কেন—বলতেই তিনি বললেন, মাঝ রাস্তায় ইচ্ছে করে নামেননি, নামানো হয়েছে। যাত্রীদের কীই-বা করার থাকতে পারে?
শুধু বাস নয়, সিএনজিচালিত অটোরিকশাও রাস্তায় যথেচ্ছভাবে দাঁড়িয়ে ছিল। অথচ গুলিস্তান শপিং কমপ্লেক্স প্রান্তের রাস্তার ধারে যথেষ্ট জায়গা রয়েছে। গোলাপ শাহ মাজারের কাছে অটোরিকশার জন্য নির্ধারিত জায়গা দেখা গেল। নির্ধারিত জায়গায় না দাঁড়িয়ে মাঝ রাস্তায় যাত্রী ওঠানোর কারণ জানতে চাইলে এক সিএনজিচালক সরাসরিই বললেন, ‘খালি রাস্তা। তাই দাঁড়াইছি, আপনার সমস্যা কী?’
এদিকে রাস্তার ওপর জমেছে আবর্জনার স্তূপ। সিএনজিচালক তা দেখিয়ে বললেন, ‘আমাগোই সবাই দ্যাখে, আবর্জনা চোখে পড়ে না।’