নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভী নগরের চাষাঢ়া থেকে নিতাইগঞ্জ পর্যন্ত হকার সমস্যা সমাধানে সাংসদ সেলিম ওসমানের সহায়তা চেয়েছেন।
গতকাল বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের ষষ্ঠ তলায় বীর প্রতীক গোলাম দস্তগীর গাজী এমপি ফ্লোরের নির্মাণকাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই সহায়তা চান।
নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন তারাব পৌরসভার মেয়র হাসিনা গাজী, অতিরিক্ত পুলিশ সুপার মো. শরফুদ্দিন, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এ টি এম কামাল, জেলা সিপিবির সভাপতি হাফিজুল ইসলাম।
অনুষ্ঠানে মেয়র সেলিনা হায়াৎ আইভী বলেন, ‘নিতাইগঞ্জ ট্রাকস্ট্যান্ড উচ্ছেদে আমি হাইকোর্টে মামলা করেছি। হাইকোর্টের আদেশে জেলা প্রশাসন, পুলিশ ও র্যা ব ট্রাকস্ট্যান্ড উচ্ছেদ করে। দুদিন পর পুনরায় দখল হয়ে যায়। ছয় মাস পর আমার অনুরোধে এমপি সেলিম ওসমানের নির্দেশে রাতারাতি নিতাইগঞ্জ ট্রাকস্ট্যান্ড উঠে গেল।’ তিনি বলেন, ‘এখন থেকে নারায়ণগঞ্জের সকল সমস্যা সমাধানে ডিসি-এসপি সাহেবকে বলতে চাই না। এমপি সেলিম ওসমানকে বলতে চাই, আপনার নির্দেশে অনেক সমস্যা সমাধান হয়।’ নগরের হকার সমস্যা সম্পর্কে মেয়র বলেন, ‘হকার উচ্ছেদ করতে গেলে আমার লোকজনের ওপর আক্রমণ করা হয়। তাই হকার সমস্যা সমাধানে আপনার (সেলিম ওসমান) নির্দেশনা চাই, আপনি নির্দেশ দিলে চাষাঢ়া থেকে নিতাইগঞ্জ পর্যন্ত হকার থাকবে না।’
সাংসদ সেলিম ওসমানের উদ্দেশে মেয়র বলেন, ‘ত্বকীকে কারা হত্যা করেছে ভাই? আপনি আমার পাশে দাঁড়িয়ে বলুন, আমরা ত্বকী হত্যার বিচার চাই। তখন শহরের মানুষ আসলেই বুঝবে আপনি জনগণ দ্বারা নির্বাচিত জনপ্রতিনিধি।’
অনুষ্ঠান শেষে বীর প্রতীক গোলাম দস্তগীর এমপি ফ্লোরের কাজের নামফলক যৌথভাবে উন্মোচন করেন সেলিনা হায়াৎ আইভী ও হাসিনা গাজী।