হকারদের আর বসতে দেওয়া হবে না

২০১৫ সালে ডিএসসিসির ১৮ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর নির্বাচিত হন আওয়ামী লীগের জসীম উদ্দিন আহমেদ। গতকাল তিনি ওয়ার্ডের বিভিন্ন বিষয় নিয়ে প্রথম আলোর সঙ্গে কথা বলেছেন।
প্রথম আলো: নিউমার্কেট ও আশপাশের এলাকার ফুটপাত হকারমুক্ত। তা কি স্থায়ীভাবে রূপ দিতে পারবেন?
কাউন্সিলর: ওয়ার্ডের ফুটপাতগুলো হকারমুক্ত করা ছিল বড় চ্যালেঞ্জ। ডিএসসিসির মেয়র সাঈদ খোকন ও স্থানীয় সাংসদ ফজলে নূর তাপসের সহযোগিতায় তা করতে সক্ষম হয়েছি। এখন এই ফুটপাত পথচারীবান্ধব করতে সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে। কোনোভাবেই হকারদের ফুটপাতে বসতে দেওয়া হবে না।
প্রথম আলো: নালা নির্মাণের পরও আপনার ওয়ার্ডে জলাবদ্ধতা কেন?
কাউন্সিলর: আগের তুলনায় ওয়ার্ডে জলাবদ্ধতা নেই বললেই চলে। তারপরও কোথাও জলাবদ্ধতা হলে তা স্থায়ীভাবে নিরসনে ব্যবস্থা নেওয়া হবে।
প্রথম আলো: মশার উপদ্রব কমাতে নিয়মিত ওষুধ ছিটানো হয় না কেন?
কাউন্সিলর: প্রতি মাসে গড়ে দুবার ওয়ার্ডের প্রতিটি অলিগলিতে মশার ওষুধ ছিটানো হয়। তবে পর্যাপ্ত ওষুধ ছিটানোর বিষয়ে কিছুটা সীমাবদ্ধতা আছে।
প্রথম আলো: যানজট নিরসনে আপনার কোনো পদক্ষেপ আছে কি?
কাউন্সিলর: নিউমার্কেট ঐতিহ্যবাহী এলাকা। এখানে শহরের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ কেনাকাটা করতে আসেন। এ ছাড়া এই ওয়ার্ডটি ক্রমান্বয়ে একটি বাণিজ্যিক এলাকায় রূপান্তরিত হয়েছে। এতে যানজট বেড়েছে। তবে ফুটপাত থেকে হকার উচ্ছেদের পর সড়কে যানজট অনেকটাই কমেছে। বাকি যানজট নিরসনে পুলিশের ট্রাফিক বিভাগের সঙ্গে কথা বলবেন।
প্রথম আলো: মাদকসেবীদের দৌরাত্ম্য কমাতে কী পদক্ষেপ নিয়েছেন?
কাউন্সিলর: মাদকসেবীদের দৌরাত্ম্য বন্ধে বিভিন্ন সময় ওয়ার্ডে প্রচার-প্রচারণা চালানো হচ্ছে। এ ছাড়া সংশ্লিষ্ট থানার পুলিশ বেশ তৎপর।