হকারদের দখলে সিলেট নগরের ফুটপাত
সিলেটের ব্যস্ততম সড়কগুলোর দুই পাশের ফুটপাত দখল করে স্থায়ীভাবে দোকান করেছেন হকাররা। অনেক এলাকায় মূল সড়কও দখল করে ফেলেছেন। এ কারণে পথচারীদের চলাচলে সৃষ্টি হচ্ছে প্রতিবন্ধকতা। নিয়মিত লেগে থাকে যানজট।হকারমুক্ত ফুটপাতের দাবিতে স্থানীয় একাধিক সামাজিক ও নাগরিক সংগঠন এবং চেম্বার অব কমার্স বিভিন্ন সময় আন্দোলন করলেও সিটি করপোরেশনের মেয়র বদরউদ্দিন আহমদ কামরান তা মানতে নারাজ। ফুটপাতের হকারদের বিকল্প ব্যবস্থা করার পরই তিনি তাঁদের উচ্ছেদের উদ্যোগ নেবেন বলে জানিয়েছেন।সিলেটের একাধিক হকার্স সমিতি সূত্রে জানা যায়, নগরের বিভিন্ন সড়কের ফুটপাতে ১৩ সহস্রাধিক হকার বিভিন্ন পণ্যের দোকান খুলে ব্যবসা করছেন। এসব হকার নগরের গুরুত্বপূর্ণ বন্দরবাজার, জিন্দাবাজার, আম্বরখানা, এয়ারপোর্ট রোড, সুবিদবাজার, সিটি পয়েন্ট, মীরাবাজার, শিবগঞ্জ, মেডিকেল রোড, পাঠানটোলা, রিকাবীবাজার, কাজীরবাজার, দক্ষিণ সুরমা, ভার্তখলা, স্টেশন রোডসহ অর্ধশতাধিক সড়কে স্থায়ীভাবে ব্যবসা করছেন।সরেজমিনে দেখা গেছে, বিভিন্ন ফুটপাত দখল করে হকাররা কাপড়, জুতা, সিডি ক্যাসেট, ব্যাগ, বেল্ট, ঘড়ি, পান-সিগারেট, ফল ও চায়ের দোকান থেকে শুরু করে ছোটখাটো ভাতের দোকান পর্যন্ত বসিয়েছেন। প্রতিদিন সকাল থেকে রাত ১১-১২টা পর্যন্ত এসব দোকানে বেচাকেনা চলে। বিপণিবিতানের তুলনায় এখানে তুলনামূলক কম দামে পণ্য কিনতে পারায় মধ্যবিত্ত ও নিম্নবিত্ত শ্রেণীর লোকজন ভিড় করছেন। ফলে সকাল থেকে রাত পর্যন্ত ক্রেতাদের ভিড় লেগেই থাকে। এ অবস্থায় এসব ফুটপাত দিয়ে স্বচ্ছন্দে চলতে পারেন না পথচারীরা। বন্দরবাজারের লোকমান আহমদ বলেন, ‘হকারদের কারণে ফুটপাতে হাঁটা যায় না। লোকজন বাধ্য হয়ে মূল রাস্তায় হাঁটেন। এ কারণে যানজটেরও সৃষ্টি হচ্ছে।’ সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের চতুর্থ শ্রেণীর কর্মচারী বাপন তালুকদার বলেন, ‘মেডিকেল রোড এলাকার ফুটপাতগুলো বিভিন্ন ফলের দোকান, কাপড়ের দোকান দখল করেছে। ফুটপাতের বেশ কিছু স্থান দখল করে বিভিন্ন রেস্তোরাঁর চুলা জ্বালানো হচ্ছে। এদিক দিয়ে যাওয়ার সময় পথচারীদের হাতে-মুখে গরম তেলের ফোঁটা পড়ে ফুসকা উঠে যাচ্ছে। আমি নিজেও একাধিকবার এ ঘটনার শিকার হয়েছি।’ ‘বন্দরবাজার এলাকায় বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। এসব শিক্ষাপ্রতিষ্ঠানের আশপাশের ফুটপাত দখল করে পাইরেটেড সিডি-ভিসিডি বিক্রি হচ্ছে। বিক্রেতাদের হাঁকডাকে শিক্ষার্থীরা অশ্লীল ক্যাসেট কিনতে উদ্বুদ্ধ হচ্ছে এবং সামাজিক অবক্ষয়ের শিকার হচ্ছে।’ বলছিলেন সিলেট সরকারি অগ্রগামী বালিকা উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক সুভাষ চন্দ্র নাথ।সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সাবেক প্রশাসক ফারুক মাহমুদ চৌধুরী বলেন, ‘ফুটপাত হকারমুক্ত করার দাবিতে চেম্বার অব কমার্সসহ বিভিন্ন সামাজিক সংগঠন একাধিক মানববন্ধন, সভা ও সমাবেশ করেছে। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতও একাধিকবার স্থানীয় প্রশাসনকে ফুটপাত হকারমুক্ত করার নির্দেশ দিয়েছিলেন। কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষ উদাসীনতার পরিচয় দিয়েছে।’ এ ব্যাপারে কথা হয় সিটি করপোরেশনের মেয়র বদরউদ্দিন আহমদ কামরানের সঙ্গে। তিনি প্রথম আলোকে বলেন, ‘হকারদের স্থায়ী পুনর্বাসনের ব্যবস্থা না করে ফুটপাত থেকে উচ্ছেদ করাটা অমানবিক। এ জন্য সম্প্রতি জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের কর্মকর্তাদের নিয়ে সিটি করপোরেশনের উদ্যোগে একটি সভা হয়েছে। সভায় সিদ্ধান্ত হয়েছে—মূল সড়কে যেসব ভ্রাম্যমাণ ব্যবসায়ী রয়েছেন, তাঁদের উচ্ছেদে পুলিশ যথাযথ পদক্ষেপ নেবে। অন্যদিকে ফুটপাতের হকারদের বিকল্প ব্যবস্থা করার পর তবেই উচ্ছেদের উদ্যোগ নেওয়া হবে।’ তবে কবে তা তিনি বলতে পারেননি।