হকারদের পুনর্বাসন করেই গুলিস্তানে উচ্ছেদ অভিযান: সাঈদ খোকন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের উদ্যোগে আজ নগর ভবনে সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন মেয়র সাঈদ খোকন। ছবি: প্রথম আলো
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের উদ্যোগে আজ নগর ভবনে সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন মেয়র সাঈদ খোকন। ছবি: প্রথম আলো

মহানগর নাট্যমঞ্চের পেছনের খালি অংশে হকারদের পুনর্বাসনের অস্থায়ী ব্যবস্থা করে শিগগিরই গুলিস্তানে উচ্ছেদ অভিযান চালানো হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকন। তিনি বলেন, পুলিশ, র‍্যাব ও অন্যান্য বাহিনীর সঙ্গে আলোচনা করে উচ্ছেদ অভিযানের তারিখ ঠিক করা হবে। ওই দিন সব কাউন্সিলর উপস্থিত থাকার সম্মতি দিয়েছেন।
আজ শনিবার বেলা একটার দিকে নগর ভবনে মেয়র মোহাম্মদ হানিফ মিলনায়তনে কাউন্সিলর এবং সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। গত বৃহস্পতিবার গুলিস্তানে হকার উচ্ছেদ অভিযান নিয়ে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।
এ সময় সাঈদ খোকন বলেন, পরবর্তী সময়ে মার্কেট তৈরি করে অস্থায়ী জায়গা থেকে হকারদের সরানো হবে। তিনি আরও বলেন, এক ইঞ্চি রাস্তাও অবৈধভাবে দখল করতে দেওয়া হবে না। যাঁরা জায়গা দখল করে জিনিসপত্রের পসরা নিয়ে বসেছেন, তাঁদের পুনর্বাসন করা হবে।
গত বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত গুলিস্তানে উচ্ছেদ অভিযান চালায় ডিএসসিসি। এ সময় গুলিস্তানের বঙ্গবন্ধু স্কয়ার পাতাল মার্কেট, ঢাকা ট্রেড সেন্টার দক্ষিণ, ঢাকা ট্রেড সেন্টার উত্তর, গুলিস্তান শপিং কমপ্লেক্স, সার্জেন্ট আহাদ পুলিশ বক্স ও ফুলবাড়িয়া বাসস্ট্যান্ডের চারপাশ থেকে পাঁচ শতাধিক অবৈধ দোকানপাট উচ্ছেদ করা হয়। এই উচ্ছেদকে কেন্দ্র করে ডিএসসিসির কর্মকর্তা-কর্মচারী ও একদল যুবকের সঙ্গে হকার এবং পাতাল মার্কেটের দোকানিদের দফায় দফায় সংঘর্ষ হয়। তখন গুলিবর্ষণের ঘটনাও ঘটে।

এই বিষয়ে সাঈদ খোকন বলেন, বিষয়টি অনাকাঙ্ক্ষিত ছিল। উচ্ছেদ অভিযান যখন চলছিল, তখন ম্যাজিস্ট্রেট এবং করপোরেশনের লোকদের উচ্ছেদকাজে বাধা দেন হকাররা। হকারদের পক্ষ থেকে ফাঁকা গুলি করা হয়। ম্যাজিস্ট্রেট ও করপোরেশনের লোকজন বাধা পেয়ে নগর ভবনে ফিরে আসতে বাধ্য হন। সে সময় হকারদের একটা অংশ নগর ভবনেও হামলা চালায়।
মেয়র বলেন, যারা ফাঁকা গুলি করেছিল, তাদের বিষয়ে পুলিশকে বলা হয়েছে। পুলিশ নিজস্ব গতিতে তদন্ত চালাবে।
মতবিনিময় সভায় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন কাউন্সিলররা। এ সময় উপস্থিত ছিলেন ২৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর হাসিবুর রহমান মানিক, ৩৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আবু আহমেদ মন্নাফি, ৪৫, ৪৬ ও ৪৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর হেলেন আক্তার প্রমুখ।