হকারদের বিরুদ্ধে আরও ২ মামলা
গুলিস্তান ও আশপাশের এলাকার ফুটপাত দখল করে চাঁদাবাজির অভিযোগে হকারদের বিরুদ্ধে আরও দুটি মামলা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। এ দুটি মামলায় ২৩ জনকে আসামি করা হয়। গত বৃহস্পতিবার রাতে মামলা দুটি হয়। এর আগে ৪৯ জনকে আসামি করে আরেকটি মামলা করে সিটি করপোরেশন। তিনটি মামলায় মোট ৭২ জনকে আসামি করা হয়।
তবে মামলা দায়েরের পর হকারদের পক্ষ থেকে অভিযোগ করা হয়, উচ্ছেদ বন্ধের আন্দোলন বানচাল করতে গণহারে মামলা করেছে সিটি করপোরেশন।
মামলার বিবরণ অনুযায়ী, যার পরামর্শে আসামি তালিকা করা হয়েছে সেই বাংলাদেশ হকার্স লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি এম এ কাশেমের বিরুদ্ধেও চাঁদাবাজির অভিযোগ রয়েছে।
মামলার বিষয়ে জানতে চাইলে ডিএসসিসির মেয়র মোহাম্মদ সাঈদ খোকন গতকাল শুক্রবার প্রথম আলোকে বলেন, ফুটপাতে চাঁদাবাজি নিয়ে বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকার অনুসন্ধানী প্রতিবেদন ও হকার্স পুনর্বাসন কমিটির সদস্যদের দেওয়া চাঁদাবাজদের তালিকা অনুযায়ী ওই ৭২ জনের বিরুদ্ধে মামলা করা হয়। এম এ কাশেমের কাছ থেকেও কিছু নাম নেওয়া হয়েছে।
ডিএসসিসির সম্পত্তি বিভাগ সূত্র জানায়, গত ১৫ জানুয়ারি থেকে ওই এলাকাগুলোতে কর্মদিবসে দিনের বেলা হকার বসা নিষিদ্ধ করা হয়। ওই দিন থেকেই হকার সংগঠনগুলো পুনর্বাসন ছাড়া হকার উচ্ছেদ বন্ধের দাবিতে আন্দোলন করে আসছে।
পল্টন, মতিঝিল ও শাহবাগ থানা-পুলিশ সূত্র জানায়, গত বৃহস্পতিবার সন্ধ্যা ও রাতে পৃথকভাবে ওই তিনটি থানার মামলায় মোট ৭২ জনকে আসামি করা হয়। এর বাদী হয়েছেন ডিএসসিসির সহকারী সম্পত্তি কর্মকর্তা সামছুল আলম। এর মধ্যে মতিঝিল থানায় দায়ের করা মামলায় ১৬ জন ও শাহবাগে সাতজনকে আসামি করা হয়েছে। ওই দিন সন্ধ্যায় পল্টন থানায় দায়ের করা মামলায় ৪৯ জনকে আসামি করা হয়।
ডিএসসিসির সম্পত্তি বিভাগের একাধিক কর্মকর্তা জানান, গুলিস্তান, মতিঝিল ও পল্টন এলাকার আশপাশের সড়ক ও ফুটপাত দখল করে অবৈধ দোকানপাট বসিয়ে দৈনিক ১০০ থেকে ৫০০ টাকা পর্যন্ত চাঁদা আদায় করতেন আসামিরা। উচ্ছেদ অভিযান পরিচালনার সময় ডিএসসিসির কর্মকর্তা-কর্মচারীদেরও লাঞ্ছিত করেছেন তাঁরা। এসব হকার ডিএসসিসির কর্মকর্তা-কর্মচারীদের বিভিন্ন সময় ‘ভয়ভীতিও’ দেখাচ্ছেন।
বাংলাদেশ হকার সমন্বয় পরিষদের সমন্বয়ক আবুল হোসাইন বলেন, পুনর্বাসন ছাড়া হকার উচ্ছেদ বন্ধ করতে আন্দোলন করে আসছেন হকাররা। এই আন্দোলনের সাংগঠনিক কাঠামো ভেঙে দিতেই হকারদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক হকার নেতা বলেন, গত জানুয়ারিতে ফুটপাত থেকে হকার উচ্ছেদ অভিযান নিয়ে হকারদের সংগঠনগুলোর মধ্যে মতবিরোধ দেখা দেয়। এর মধ্যে এম এ কাশেম ডিএসসিসির মেয়রের পক্ষ নেন। কাশেম চাঁদার টাকার একাংশের ভাগ পেতেন।
অভিযোগের বিষয়ে জানতে গতকাল বেলা ১১টায় বঙ্গবন্ধু অ্যাভিনিউতে এম এ কাশেমের দপ্তরে গিয়ে তাঁকে পাওয়া যায়নি। তাঁর মুঠোফোনও বন্ধ পাওয়া যায়।
মামলার আসামিদের ব্যাপারে খোঁজখবর করতে গতকাল সকালে গুলিস্তান ও পল্টন এলাকায় গেলে কয়েকজন হকার বলেন, সরদার বাবুল, জাহাঙ্গীর, আবদুল ওয়াদুদ, কোটন মিয়া, আবুল গফুর, নাছির ও আবদুর রব চাঁদাবাজির সঙ্গে জড়িত। তাঁরা মূলত মূল চাঁদাবাজদের পক্ষে দোকানে দোকানে ঘুরে টাকা নেন।
জানতে চাইলে মেয়র সাঈদ খোকন বলেন, হকার উচ্ছেদ করায় যাদের স্বার্থে আঘাত লেগেছে, তারা আন্দোলন করে এটাকে ব্যাহত করতে চাইছে। তারা বিভিন্ন জায়গা থেকে হকার নামধারী লোকদের টাকা দিয়ে এনে মিছিল করাচ্ছে।