ফুটপাতের হকারদের বিষয়ে সুনির্দিষ্ট আইন ও নীতিমালা করার দাবি জানিয়েছেন হকার নেতারা। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ সাঈদ খোকনকে উদ্দেশ করে নেতারা বলেছেন, পুনর্বাসন ছাড়া উচ্ছেদ করলে হকার ও তাঁদের পরিবারের খাবার ও ভরণপোষণের দায়িত্ব মেয়রকে নিতে হবে।
গতকাল শনিবার বঙ্গবন্ধু অ্যাভিনিউতে শহীদ কর্নেল তাহের মিলনায়তনে হকার সংগঠনগুলোর এক যৌথ সভায় তাঁরা এসব কথা বলেন। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) দিনের বেলা হকার বসতে না দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে এই সভা আয়োজন করা হয়। হকারদের ১৬টি সংগঠনের জোট হকার সমন্বয় পরিষদ, বাংলাদেশ হকার্স ইউনিয়ন, জাতীয় সম্মিলিত হকার্স জোট যৌথভাবে এই সভার আয়োজন করে।
সভার সভাপতি হকার সমন্বয় পরিষদের সমন্বয়ক আবুল হোসেন বলেন, হকারদের পুনর্বাসন না করে, সুনির্দিষ্ট আইন ও নীতিমালা না করে উচ্ছেদ করলে তা মানা হবে না।
১১ জানুয়ারি নগর ভবনে হকারদের বিভিন্ন সংগঠন, জনপ্রতিনিধি ও পুলিশের সঙ্গে বৈঠক করেন ডিএসসিসির মেয়র সাঈদ খোকন। ওই বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, ১৫ জানুয়ারি থেকে সাপ্তাহিক কর্মদিবসে গুলিস্তান ও আশপাশের এলাকায় দিনের বেলা হকার বসা নিষেধ। তবে সন্ধ্যা সাড়ে ছয়টার পরে তাঁরা ব্যবসা করতে পারবেন।
আজ রোববার হকার সমন্বয় পরিষদের পক্ষ থেকে স্থানীয় সরকারমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনকে স্মারকলিপি দেওয়া হবে বলে সভায় ঘোষণা দেওয়া হয়। বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে হকাররা জমায়েত হবেন এবং সেখান থেকে স্মারকলিপি দিতে যাবেন।
সভায় আরও বক্তব্য রাখেন হকার্স ইউনিয়নের উপদেষ্টা সেকেন্দার হায়াৎ, জাতীয় হকার্স ফেডারেশনের সভাপতি আরিফ চৌধুরী, সম্মিলিত হকার্স জোটের আহ্বায়ক মোহাম্মদ আলী প্রমুখ।
১৫ জানুয়ারি থেকে ডিএসসিসি লাগাতার উচ্ছেদ অভিযান চালাচ্ছে। বঙ্গবন্ধু অ্যাভিনিউ, গুলিস্তান, ফুলবাড়িয়া, ইমপিরিয়াল হোটেল, খদ্দর বাজার শপিং কমপ্লেক্স, পীর ইয়ামেনী মার্কেটের সামনে, মতিঝিল, দিলকুশা, দৈনিক বাংলা, বায়তুল মোকাররম ও পল্টনে ফুটপাত এবং সড়ক থেকে কয়েক শ অবৈধ দোকান উচ্ছেদ করেছে ডিএসসিসি। মেয়র সাঈদ খোকন ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন শহরের ফুটপাত পথচারীবান্ধব না হওয়া পর্যন্ত এ অভিযান চলবে। হকার উচ্ছেদের ফলে এই এলাকায় দুর্বিষহ যানজট অনেকটা কমেছে। পথচারীরা স্বস্তির সঙ্গে চলাচল করতে পারছেন। একই সঙ্গে ফুটপাতে ব্যবসার নামে চাঁদাবাজিও বন্ধ হয়েছে। পথচারীরা মেয়রের এই উদ্যোগ প্রশংসনীয় বলে মন্তব্য করেছেন।