হকারদের সঠিক তালিকা করে পুনর্বাসনের দাবি
দীর্ঘ ও স্বল্পমেয়াদি পরিকল্পনার মাধ্যমে হকারদের সঠিক তালিকা করে পুনর্বাসন করার দাবি জানিয়েছে বাংলাদেশ হকার্স ইউনিয়ন। মতিঝিলে এফবিসিসিআইয়ের কার্যালয়ের সামনে গতকাল সোমবার সকালে এক অবস্থান কর্মসূচি থেকে এই দাবি জানান হকাররা।
অবস্থান কর্মসূচিতে সংগঠনের আহ্বায়ক আবদুল হাশেম বলেন, ‘২০ দিন ধরে হকাররা ঠিকমতো ব্যবসা করতে পারছেন না। পরিবার-পরিজন নিয়ে দুরবস্থায় আছেন। টাকার অভাবে নতুন বছরে সন্তানদের বিদ্যালয়ে ভর্তি করাতে পারছেন না।’ তিনি বলেন, অবিলম্বে হকারদের ফুটপাতে বসতে দিতে হবে। এরপর সঠিক তালিকার মাধ্যমে দীর্ঘ ও স্বল্পমেয়াদি পরিকল্পনা করে হকারদের পুনর্বাসন করতে হবে।
অবস্থানের আগে হকাররা পুরানা পল্টন মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি দৈনিক বাংলা মোড় হয়ে মতিঝিলের এফবিসিসিআইয়ের সামনে এসে অবস্থান নেয়। অবস্থান কর্মসূচিতে হকার্স ইউনিয়নের কেন্দ্রীয় নেতা-কর্মীরা বক্তব্য দেন। বিজ্ঞপ্তি