হকারমুক্ত ফুটপাত নির্বিঘ্নে চলাচল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাল্টে গেছে চট্টগ্রাম নগরের নিউমার্কেট এলাকা। সড়ক ও ফুটপাতে নেই হকার। স্বচ্ছন্দে চলাচল করছেন পথচারীরা। ছবিটি গতকাল দুপুরে তোলা l সৌরভ দাশ
পাল্টে গেছে চট্টগ্রাম নগরের নিউমার্কেট এলাকা। সড়ক ও ফুটপাতে নেই হকার। স্বচ্ছন্দে চলাচল করছেন পথচারীরা। ছবিটি গতকাল দুপুরে তোলা l সৌরভ দাশ

বদলে গেছে চট্টগ্রাম নগরের নিউমার্কেট ও আশপাশের এলাকার চিরচেনা চিত্র। দিনের বেলায় হকারমুক্ত থাকছে ফুটপাত। নির্বিঘ্ন হয়েছে পথচারীদের চলাচল। কমে গেছে যানজট।

কর্মদিবসে হকাররা বসছেন বিকেল পাঁচটার পর। ছুটির দিনে বসছেন সারা দিন। এক সপ্তাহ ধরে সিটি করপোরেশনের বেঁধে দেওয়া এ নিয়ম মেনে চলছেন হকাররা। তবে নগরবাসীর সংশয়, এ ব্যবস্থা কত দিন সচল থাকবে।

সিটি করপোরেশন সূত্র জানায়, ব্যস্ততম নিউমার্কেট ও আশপাশের এলাকার ফুটপাত থেকে এক সপ্তাহ আগে হকার সরিয়ে দেওয়া হয়েছে। মুক্ত ফুটপাতে নিউমার্কেট ঘিরে জুবিলি সড়ক, স্টেশন সড়ক, শহীদ সোহরাওয়ার্দী সড়ক ও আমতল এলাকায় সৌন্দর্যবর্ধনের কাজ শুরু হবে। এর আগে সংশ্লিষ্ট এলাকার নালাগুলো পরিষ্কার করছেন সিটি করপোরেশনের কর্মীরা। ডিসেম্বরের মধ্যে ওই এলাকা পুরোপুরি শৃঙ্খলার মধ্যে নিয়ে আসার চেষ্টা চলছে।

চট্টগ্রাম সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন নির্বাচনী প্রচারণায় নগরের ফুটপাত দিনের বেলায় হকারমুক্ত করতে প্রতিশ্রুতি দিয়েছিলেন। তিনি বলেছিলেন, শিক্ষাপ্রতিষ্ঠান ও অফিস-আদালত ছুটির পর একটি নির্দিষ্ট সময়ে হকাররা ফুটপাতে বসে ব্যবসা করবেন এবং তাঁদের পরিচয়পত্র দেওয়া হবে।

মেয়রের নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসেবে ৪ সেপ্টেম্বর সিটি করপোরেশন প্রথমে নিউমার্কেট এলাকায় অভিযান শুরু করে। হকারদের সব অস্থায়ী স্থাপনা সরিয়ে দেওয়া হয়। ওই দিন থেকে বিকেল পাঁচটার আগে হকারদের ফুটপাতে বসতে দেওয়া হচ্ছে না।

গতকাল মঙ্গলবার দুপুরে সরেজমিনে দেখা গেছে, জুবিলি সড়ক হয়ে আমতল থেকে নিউমার্কেট পর্যন্ত আধা কিলোমিটার এলাকায় ফুটপাত ও রাস্তায় হকার নেই। পথচারীরা নির্বিঘ্নে ফুটপাতে চলাচল করছেন। কয়েকটি স্থানে সিটি করপোরেশনের কর্মীরা নালা পরিষ্কারের কাজ করছেন। এ ছাড়া নিউমার্কেটের আশপাশে কোতোয়ালি থানা থেকে নতুন রেলস্টেশন পর্যন্তও হকারমুক্ত রয়েছে। ফলে নিউমার্কেট ঘিরে যানজটও নেই। তবে হকার বসার জন্য এখনো স্থান চিহ্নিত করা হয়নি।

নিউমার্কেট এলাকার ফুটপাতে পথচারীদের নির্বিঘ্ন চলাচল।  গতকাল দুপুরে তোলা ছবি l প্রথম আলো
নিউমার্কেট এলাকার ফুটপাতে পথচারীদের নির্বিঘ্ন চলাচল। গতকাল দুপুরে তোলা ছবি l প্রথম আলো

ফুটপাতে কথা হয় পথচারী হাসিনা বেগমের সঙ্গে। তিনি ছেলেকে স্কুল থেকে নিয়ে এনায়েত বাজারের বাসায় ফিরছিলেন। তিনি প্রথম আলোকে বলেন, ‘এই পথে আগে হাঁটতে কষ্ট হতো। মানুষজনের ধাক্কাধাক্কি এড়াতে বাধ্য হয়ে রাস্তার ওপর দিয়েই হাঁটতাম। এখন বেশ ভালো লাগছে।’

সিটি করপোরেশনের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে পরিকল্পিত চট্টগ্রাম ফোরামের সভাপতি ও চট্টগ্রামের ইস্ট ডেল্টা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মুহাম্মদ সিকান্দার খান প্রথম আলোকে বলেন, এই শৃঙ্খলার স্থায়ী রূপ দিতে হবে। তাহলে সবখানেই এর ইতিবাচক প্রভাব পড়বে।

আশপাশের বিপণিকেন্দ্রের দোকানিরা জানান, বিকেল থেকেই হকাররা বসছেন। পথচারীরা নির্বিঘ্নে হাঁটতে পারছেন। প্রশাসনের এ উদ্যোগ প্রশংসনীয়।

চট্টগ্রাম নিউমার্কেট ও রেয়াজউদ্দিন বাজারের আরও তিন ব্যবসায়ী মেয়রের এই পদক্ষেপে সন্তোষ প্রকাশ করেন। তাঁরাও নাম প্রকাশ না করে প্রথম আলোকে বলেন, হকারদের কারণে নিউমার্কেট ও রেয়াজউদ্দিন বাজারের অনেক ক্রেতা হাতছাড়া হয়। এখন স্বচ্ছন্দে এখানে আসতে পারবেন ক্রেতারা।

পুলিশ সূত্র জানায়, নিউমার্কেট ও আশপাশের এলাকার ফুটপাতে ৩ হাজার ৫১৬ হকারের তালিকা তৈরি করা হয়েছে। তাঁদের প্রত্যেককে পরিচয়পত্র দেওয়া হবে।

জানতে চাইলে সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন প্রথম আলোকে বলেন, শুধু নিউমার্কেট এলাকা নয়, আগামী ১০ কার্যদিবসের মধ্যে জিইসি মোড়, মুরাদপুর, আগ্রাবাদ, ইপিজেড মোড়, বহদ্দারহাট মোড়, অলংকারসহ সব জায়গার ফুটপাত থেকে হকার সরিয়ে দেওয়া হবে। নিউমার্কেট এলাকার পরিচ্ছন্নতার কাজ শেষ হওয়ার পর টাইলস বসানো হবে। একই সঙ্গে চিহ্নিত করে দেওয়া হবে হকারদের বসার জায়গা। তখন হকারদের কেউ ঝামেলা করবেন না। চাঁদাবাজি পুরোপুরি বন্ধ হবে। প্রত্যেক হকারকে একটি করে ছাতা দেওয়া হবে, যাতে রোদ-বৃষ্টির মধ্যে নির্দিষ্ট সময়ে তাঁরা ব্যবসা করতে পারেন।

নিউমার্কেট ও আশপাশের এলাকা দিনের বেলায় হকারমুক্ত থাকলেও রাস্তায় যানবাহন এলোমেলো অবস্থায় দেখা গেছে। গাড়ি এলোমেলো অবস্থায় থাকলে মেয়রের এই উদ্যোগ ভেস্তে যেতে পারে বলে নিউমার্কেট এলাকার একাধিক ব্যবসায়ী জানিয়েছেন।

অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) দেবদাস ভট্টাচার্য বলেন, হকার সরিয়ে দিয়ে নিউমার্কেট, স্টেশন রোড ও জুবিলি রোডের ফুটপাত পথচারী চলাচলের জন্য নির্বিঘ্ন করা হয়েছে। আশপাশের রাস্তায় পার্কিংয়ের জায়গা চিহ্নিত করে দেওয়া হবে। একটি রেকার (গাড়ি সরানোর যন্ত্র) নিউমার্কেটের পাশে রাখা হয়েছে। এলোমেলো অবস্থায় গাড়ি পার্কিং করা হলে রেকার দিয়ে তুলে আনা হবে।