হকারমুক্ত ফুটপাত, স্বাচ্ছন্দ্যে চলাচল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাভার বাসস্ট্যান্ড এলাকার হকারমুক্ত ফুটপাত ও ফুটপাত–সংলগ্ন সওজের জমি। ছবিটি গতকাল তোলা l অরূপ রায়
সাভার বাসস্ট্যান্ড এলাকার হকারমুক্ত ফুটপাত ও ফুটপাত–সংলগ্ন সওজের জমি। ছবিটি গতকাল তোলা l অরূপ রায়

রাজধানীর মতিঝিলে বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন ঢাকার আশুলিয়ার গকুলনগর এলাকার মতিন সরকার। পাঁচ বছরের বেশি সময় ধরে প্রায় প্রতিদিন তাঁকে সাভার বাজার বাসস্ট্যান্ড এলাকায় যানজটে পড়তে হতো। ১৫ দিন ধরে তিনি যানজট ছাড়াই পার হচ্ছেন এই এলাকা।
মতিন সরকার বলেন, এবার ১৬ ডিসেম্বর উপলক্ষে সাভার বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কসহ উভয় পাশের ফুটপাত, ফুটপাতসংলগ্ন সড়ক ও জনপথ বিভাগের (সওজ) জায়গা থেকে অবৈধ দোকান উচ্ছেদ করা হয়েছে। এ কারণে বাসস্ট্যান্ড এলাকা যানজটমুক্ত রয়েছে।
সওজ ও স্থানীয় বাসিন্দা সূত্রে জানা গেছে, সাভার বাসস্ট্যান্ড এলাকায় মহাসড়কের পশ্চিম পাশে মনসুর মার্কেট থেকে শিমুলতলা এবং পূর্ব পাশে নিউমার্কেট থেকে রানা প্লাজা এলাকা পর্যন্ত ফুটপাত ও ফুটপাতসংলগ্ন সওজের জমিতে প্রায় চার হাজার ভাসমান দোকান ও অবৈধ স্থাপনা ছিল।
ফুটপাতের কয়েকজন ব্যবসায়ী বলেন, প্রতিবছর ২৬ মার্চ আর ১৬ ডিসেম্বর এলেই বাসস্ট্যান্ড এলাকার সব অবৈধ স্থাপনা ও দোকান উচ্ছেদে অভিযান চালায় সওজ। পরে আবার তাঁরা দোকান বসাতেন। কিন্তু এবার পুলিশের বাধার কারণে তাঁরা দোকান বসাতে পারছেন না।

এ বছর বিজয় দিবস উপলক্ষে ১৩ ও ১৪ ডিসেম্বর সওজ কর্তৃপক্ষ হেমায়েতপুর, গেন্ডা ও সাভার বাজার বাসস্ট্যান্ড এলাকায় উচ্ছেদ অভিযান চালায়। অভিযানের নেতৃত্বে ছিলেন সওজের নির্বাহী হাকিম এবং এস্টেট ও আইন কর্মকর্তা মিজানুর রহমান। উচ্ছেদকালে তিনি প্রথম আলোকে বলেছিলেন, শুধু ২৬ মার্চ আর ১৬ ডিসেম্বর উপলক্ষে নয়, যতবার দখল হবে ততবার উচ্ছেদ করা হবে।

সোহেল রানা, সবুজ মিয়া ও আরশেদ আলী নামের তিনজন বলেন, ১৬ ডিসেম্বরের পরের দিন তাঁরা ফুটপাত ও ফুটপাতসংলগ্ন সওজের জমিতে স্থাপনাসহ ভাসমান দোকান বসানোর চেষ্টা করেন। কিন্তু পুলিশ তাঁদের তাড়া করে, গ্রেপ্তারের ভয় দেখায়।

পাঁচ বছরের বেশি সময় ধরে ফুটপাত দখল করে ব্যবসা করে আসছিলেন সাভারের রাজাসন এলাকার আবদুল মোমিন। তিনি বলেন, ‘ফুটপাত দখল হলে পথচারীরা ভোগান্তির শিকার হন, সত্য। কিন্তু বিকল্প ব্যবস্থা না করে স্থায়ীভাবে আমাদের উচ্ছেদের সিদ্ধান্ত নেওয়া ঠিক হয়নি।’

আবদুর রহমান নামের আরেক ব্যবসায়ী সরকারি খাস জায়গায় তাঁদের পুনর্বাসনের দাবি জানান।

সাভার বাজারের ব্যবসায়ী জাহাঙ্গীর আলম বলেন, সাভার বাসস্ট্যান্ড এলাকার ফুটপাত ও ফুটপাতসংলগ্ন সওজের জমি থেকে হকার উচ্ছেদ করার ফলে পথচারীরা স্বচ্ছন্দে চলাফেরা করতে পারছেন।

ঢাকার পুলিশ সুপার শাহ মিজান শফিউর রহমান বলেন, সওজ কর্তৃপক্ষ তাদের জায়গা থেকে অবৈধ দখলদারদের উচ্ছেদ করে দিয়েছে। পুলিশের দায়িত্ব ওই সব জায়গা দখলমুক্ত রাখা। পথচারী ও যাত্রীদের অসুবিধার কথা চিন্তা করে পুলিশ সেই কাজটিই করছে। বাসস্ট্যান্ড এলাকাসহ সাভারের বিভিন্ন স্থানে অনেক খাসজমি রয়েছে। হকারদের সেসব স্থানে পুনর্বাসন করা হলে বাসস্ট্যান্ড এলাকা
দখলমুক্ত থাকবে।