হকারমুক্ত রাস্তা-ফুটপাত চায় সাভার পৌরবাসী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘উন্মুক্ত পরিবেশে হাঁটতে পারি না। ফুটপাতজুড়ে শুধু দোকান আর আবর্জনার স্তূপ। এর পরও দেখার কেউ নেই।’ স্কুলশিক্ষক সাজ্জাদ হোসেন এভাবেই সাভার বাসস্ট্যান্ড এলাকার ফুটপাতের দুরবস্থার বর্ণনা দিচ্ছিলেন। ফুটপাত ও রাস্তা দখল করে দোকান বসানোয় তাঁর মতো সাভার পৌর এলাকার বেশির ভাগ বাসিন্দাকে দুর্ভোগ পোহাতে হয়।সরেজমিনে দেখা যায়, সাভার বাসস্ট্যান্ডে নিউমার্কেট এলাকা থেকে রানা প্লাজা পর্যন্ত প্রায় ৬০০ ফুট এলাকা জুড়ে রয়েছে সবজি, ফল, পোশাক, মসলা, মাংস, হোটেল, জুতা, পান-সিগারেটসহ বিভিন্ন ধরনের প্রায় দুই হাজার দোকান। ঢাকা-আরিচা মহাসড়কসহ উভয় পাশের ফুটপাতের ওপর স্থাপিত এসব দোকান আর আবর্জনার স্তূপের কারণে পথচারীরা স্বাভাবিকভাবে চলাচল করতে পারে না। সারাক্ষণ যানজট লেগে থাকে মহাসড়কে।হকাররা জানান, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর বাংলাদেশ আওয়ামী হকার্স লীগ এবং বাংলাদেশ হকার্স লীগ নামে দুটি সংগঠন ঢাকা-আরিচা মহাসড়কের উভয় পাশের ফুটপাত ও মহাসড়কের কিছু অংশসহ ফুটওভারব্রিজ দখল করে নেয়। দুটি সংগঠনই পরিচালনায় রয়েছেন স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা। বাংলাদেশ আওয়ামী হকার্স লীগ মহাসড়কের পশ্চিম পার এবং বাংলাদেশ হকার্স লীগ মহাসড়কের পূর্ব পারের ব্যবসায়ীদের নিয়ন্ত্রণ করছে। এসব সংগঠনের নামে ব্যবসা ও দোকানের আয়তনভেদে প্রতিদিন ১০ থেকে ১০০ টাকা পর্যন্ত চাঁদা আদায় করা হচ্ছে। অভিযোগ রয়েছে, সাভার বাসস্ট্যান্ড এলাকার ফুটপাতের দোকান থেকে আদায় করা চাঁদার সিংহভাগই যায় আওয়ামী লীগের এক প্রভাবশালী নেতার পকেটে।পৌর নির্বাচন সামনে রেখে সাভার পৌর এলাকার সর্বস্তরের মানুষ এই দুর্দশা থেকে পরিত্রাণ চায়। তাদের প্রধান দাবিগুলোর মধ্যে সাভার বাসস্ট্যান্ড এলাকা হকারমুক্ত রাখা অন্যতম। তাই আগামী নির্বাচনে ভোটাররা এমন একজনকে মেয়র নির্বাচন করতে চান, যিনি বাসস্ট্যান্ড এলাকার ফুটপাত থেকে অবৈধ দখলদারদের উচ্ছেদ করবেন। বাসস্ট্যান্ড এলাকার ব্যবসায়ী মিজানুর রহমান বলেন, ‘সাভার বাসস্ট্যান্ড এলাকায় ১০ পা হাঁটতে ১০ মিনিট লেগে যায়। এ অবস্থার অবসান চাই।’ পরিবহন-শ্রমিক আরিফ হোসেন বলেন, হকাররা মহাসড়ক দখল করে রাখায় বাসস্ট্যান্ড এলাকায় সারাক্ষণ যানজট লেগে থাকে। এ জন্য বাসস্ট্যান্ড এলাকা পাড়ি দিতে আধা ঘণ্টারও বেশি সময় লেগে যায়।এনজিও কর্মকর্তা শিরীন সুলতানা বলেন, ‘আমার দৃষ্টিতে নির্বাচন হচ্ছে অনেকে মিলে কতিপয় ব্যক্তিকে লুটপাটের সুযোগ করে দেওয়া। নির্বাচিত হওয়ার পর জনসাধারণের সুখ-দুঃখের দিকে তাঁদের কোনো খেয়াল থাকে না। সাভার বাসস্ট্যান্ড এর অন্যতম উদাহরণ। দুর্গন্ধে আর দোকানপাটের ভিড়ে হাঁটা যায় না। যানজটে আটকে থাকতে হয় ঘণ্টার পর ঘণ্টা।’ এ অবস্থার অবসান ঘটাবেন, এমন একজনকেই তিনি মেয়র হিসেবে দেখতে চান। সাভার-ধামরাই নদী ও পরিবেশ রক্ষা আন্দোলনের সভাপতি এবং সাভার সচেতন নাগরিক কমিটির আহ্বায়ক আতাউর রহমান বলেন, ‘সাভার বাসস্ট্যান্ড এলাকায় গেলে দম বন্ধ হয়ে আসে।’সাভারের উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাব্বি মিয়া মানুষের দুর্ভোগের কথা স্বীকার করে বলেন, জনদুর্ভোগ লাঘবের জন্য সাভার বাসস্ট্যান্ড এলাকা অবৈধ দখল থেকে মুক্ত করা প্রয়োজন। জনদুর্ভোগের কথা স্বীকার করে বাংলাদেশ হকার্স লীগ সাভার উপজেলা শাখার সভাপতি মো. সেলিম মিয়া বলেন, ‘মানুষের সাময়িক অসুবিধার জন্য আমরা দুঃখিত। আমরা এমন একজন মেয়র চাই, যিনি হকারদের জন্য স্বতন্ত্র একটি মার্কেট করে দেবেন। মার্কেট করে দিলেই বাসস্ট্যান্ড এলাকার ফুটপাত উন্মুক্ত করে দেওয়া হবে।’