হকার্স লীগ নেতাকে ছাড়িয়ে নিতে বিক্ষোভ
ঢাকার সাভারে হকার্স লীগের এক নেতাকে গ্রেপ্তারের পর তাঁকে ছাড়িয়ে নিতে স্থানীয় আওয়ামী লীগের একাংশের নেতা-কর্মীরা গতকাল শুক্রবার বিকেলে সাভার থানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন। বিক্ষুব্ধ নেতা-কর্মীরা থানা ঘেরাওয়ের চেষ্টা করলে পুলিশ লাঠিপেটা করে তাঁদের ছত্রভঙ্গ করে দেয়। এ ঘটনায় চারজনকে আটক করেছে পুলিশ।পুলিশ ও সংগঠন সূত্রে জানা গেছে, বাংলাদেশ হকার্স লীগের নেতা ও সাভার পৌর হকার্স সমবায় সমিতি লিমিটেডের সাধারণ সম্পাদক আতাউর রহমান লোকজন নিয়ে গত বৃহস্পতিবার বিকেলে আওয়ামী হকার্স লীগের সাধারণ সম্পাদক কাদের মোল্লার ফুটপাতের ওপর তোলা একটি দোকান ভেঙে দেন। খবর পেয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের সহসভাপতি আশরাফ উদ্দিন খান তাঁর অনুসারী নেতা-কর্মীদের নিয়ে ঘটনাস্থলে যান এবং দোকানটি মেরামত করে দেন। এ সময় আতাউর রহমানকে মারধর করা হয়। গুলি করে হত্যাচেষ্টার অভিযোগে আতাউর রহমান গতকাল সাভার থানায় একটি মামলা করেন। পুলিশ দুপুরে কাদের মোল্লাকে গ্রেপ্তার করে।কাদের মোল্লাকে গ্রেপ্তারের খবর পেয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের সহসভাপতি আশরাফ উদ্দিন খান, সাভার উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা দৌলাসহ শতাধিক নেতা-কর্মী গতকাল বেলা তিনটার দিকে সাভার থানায় গিয়ে কাদের মোল্লাকে ছাড়িয়ে আনার চেষ্টা করেন। ব্যর্থ হয়ে থানার মূল ফটকের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন তাঁরা। পরে তাঁরা থানা ঘেরাওয়ের চেষ্টা করলে পুলিশ হালকা লঠিপেটা করে কর্মীদের ছত্রভঙ্গ করে দেয়।ওই ঘটনার পর ৎবের সদস্যরা আশরাফ উদ্দিনের বাসা থেকে তাঁর ছেলে গোলাম ফয়েজ উদ্দিন খানকে আটক করেন। এ ছাড়া অন্যান্য স্থান থেকে আরও তিনজনকে আটক করা হয়।আশরাফ উদ্দিন খান অভিযোগ করেন, ‘মিথ্যা অভিযোগে কাদের মোল্লাকে গ্রেপ্তার করা হয়েছে। এর প্রতিবাদ জানাতে আমরা থানায় গিয়েছিলাম। পুলিশ আমাদের লাঠিপেটা করে।’সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহাবুবুর রহমান জানান, মামলার পর কাদের মোল্লাকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। কিন্তু আওয়ামী লীগের কতিপয় নেতা-কর্মী থানায় অরাজক পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করেন। তাঁদের বিরুদ্ধে মামলা করা হবে।