হকার্স লীগের ওপর যুবলীগের হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার সাভার বাসস্ট্যান্ড এলাকায় সড়ক ও জনপথ বিভাগের (সওজ) জমিতে অবৈধভাবে গড়ে ওঠা বাজারের দখল নিতে গত মঙ্গলবার রাতে যুবলীগের নেতা-কর্মীরা হকার্স লীগের নেতা-কর্মীদের ওপর হামলা চালিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এতে সাভার পৌর হকার্স লীগের সাধারণ সম্পাদক কাদের মোল্লাসহ কমপক্ষে ১০ জন আহত হয়েছেন।
কাদেরসহ আহত চারজনকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। কাদের মোল্লাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে। তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকেরা।
সাভার মডেল থানার পুলিশসহ স্থানীয় বিভিন্ন সূত্রে জানা গেছে, হকার্স লীগের নামে কাদের মোল্লা ও তাঁর লোকজন দীর্ঘদিন ধরে সওজের জমিতে অবৈধভাবে গড়ে ওঠা বাজারের তিন শতাধিক দোকান থেকে চাঁদা আদায় করে আসছেন বলে অভিযোগ রয়েছে। সাভার যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক সেলিম মণ্ডল বেশ কিছুদিন ধরে ওই বাজার দখলের চেষ্টা করে আসছিলেন। এরই ধারাবাহিকতায় সেলিমের লোকজন গত মঙ্গলবার রাতে কাদের মোল্লা ও তাঁর লোকজনের ওপর হামলা চালান।
নাম প্রকাশ না করার শর্তে প্রত্যক্ষদর্শী বাজারের কয়েকজন ব্যবসায়ী বলেন, মঙ্গলবার রাত নয়টার দিকে ৫০ থেকে ৬০ জন সশস্ত্র লোক ওই বাজারে হামলা চালান। তাঁরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে এবং রড দিয়ে আঘাত করে কাদের মোল্লাসহ কয়েকজনকে আহত করেন। হামলাকারীদের অনেকেই সেলিম মণ্ডলের ঘনিষ্ঠ লোক হিসেবে পরিচিত এবং তাঁরা ছাত্রলীগ ও যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত। তাঁরা জানান, কাদের মোল্লার লোকজন এই বাজার থেকে দোকানপ্রতি প্রতিদিন ২০ থেকে ১০০ টাকা পর্যন্ত চাঁদা আদায় করে থাকেন। এই হিসাব অনুযায়ী প্রতিদিন ২৫ থেকে ৩০ হাজার টাকা চাঁদা আদায় করা হয়।
হাসপাতালে চিকিৎসাধীন কাদের মোল্লা প্রথম আলোকে বলেন, ‘পৌরসভা থেকে ইজারা নিয়ে তিনি সংগঠনের নামে চাঁদা আদায় করেন। কিন্তু সেলিম মণ্ডল ওই বাজারের দখল নিয়ে চাঁদা আদায় করার চেষ্টা করছিলেন। হুমকি দিয়ে বাজারের দখল নিতে ব্যর্থ হয়ে মঙ্গলবার রাতে তাঁরা আমাদের ওপর হামলা চালান।’
সেলিম মণ্ডলের মুঠোফোনের সংযোগ বন্ধ থাকায় তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
গতকাল বিকেলে যোগাযোগ করা হলে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘আমরা এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। এর পরও সেলিম মণ্ডলসহ হামলাকারীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’