হকার্স লীগের নেতার বিরুদ্ধে গাড়ি পোড়ানোর মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর সদর উপজেলার কোনাবাড়ী এলাকায় গাড়ি পোড়ানোর মামলায় জামায়াত-শিবিরের নেতা-কর্মীদের সঙ্গে জেলা হকার্স লীগের এক নেতাকেও আসামি করা হয়েছে।
জমি নিয়ে বিরোধ রয়েছে এমন একজনের কাছ থেকে পুলিশ আর্থিক সহায়তা নিয়ে আসামি করেছে বলে দাবি করেছেন জেলা হকার্স লীগের সমাজকল্যাণ সম্পাদক নুরুজ্জামান নুরু (২৮)।
জয়দেবপুর থানার পুলিশ জানায়, জামায়াত-শিবিরের ডাকা হরতালের আগের দিন ১৩ ডিসেম্বর সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে কোনাবাড়ী বাসস্ট্যান্ড এলাকায় অর্ধশত যানবাহন ভাঙচুর ও তিনটি যানবাহনে অগ্নিসংযোগ করা হয়। ওই ঘটনায় পরদিন কোনাবাড়ী পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) নায়েবুল ইসলাম জয়দেবপুর থানায় জামায়াত-শিবিরের ৬৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ২০-২৫ জনকে আসামি করে মামলা করেন। ওই মামলায় নুরুজ্জামানকে ৫৪ নম্বর আসামি করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা করা হয় কোনাবাড়ী পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মো. রবিউল আলমকে।
নুরুজ্জামানের দাবি, ১৩ ডিসেম্বর সন্ধ্যায় যানবাহন ভাঙচুর ও পোড়ানোর সময় তিনি সাংগঠনিক কাজে ঢাকার গুলশানে হকার্স লীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কাজী শাকিল আহমেদের সঙ্গে ছিলেন। কাজী শাকিল আহমেদও প্রথম আলোর কাছে একই কথা বলেন।
নুরুজ্জামান অভিযোগ করেন, ‘সদর উপজেলার বাইমাইল এলাকার নওয়াব আলী ও তাঁর ছেলে সিরাজুল ইসলামের সঙ্গে দীর্ঘদিন ধরে আমার জমিসংক্রান্ত বিরোধ চলছে। এর জের ধরে তাঁরা কোনাবাড়ী পুলিশ ফাঁড়ির এসআই রবিউল আলমকে মোটা অঙ্কের টাকা দিয়ে আমাকে বিভিন্নভাবে হয়রানি করে আসছেন। গত মে মাসে রবিউল আমাকে ফাঁড়িতে ডেকে এনে আটক করেন। কোন মামলায় আটক করা হয়েছে জানতে চাইলে বলতে পারেননি। পরে তিনি এক লাখ টাকা দাবি করেন। ৩০ হাজার টাকা দিলে আমাকে ছেড়ে দেন।’
এ ব্যাপারে এসআই রবিউল অর্থ নেওয়া ও হয়রানির অভিযোগ অস্বীকার করেন। মামলার বাদী এএসআই নায়েবুল ইসলামের সঙ্গে যোগাযোগ করলে তিনি রবিউলের সঙ্গে কথা বলতে বলেন।