হচ্ছে না পাগলা জাহাঙ্গীরের মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাট জেলা প্রশাসনের অনুমতি না পাওয়ায় কদম চাঁন বিদ্যাপীঠ আয়োজিত ঐতিহ্যবাহী পাগলা জাহাঙ্গীরের বৈশাখী মেলা এ বছর অনুষ্ঠিত হচ্ছে না। তবে শর্ত সাপেক্ষে শোভাযাত্রা, পান্তাভোজ, বৈশাখী কবিতাপাঠ ও লোক ঐতিহ্য প্রদর্শনীর অনুমতি দিয়েছে জেলা প্রশাসন।
লালমনিরহাট জেলা শহর থেকে প্রায় সাত কিলোমিটার উত্তরে রত্নাই নদের পারে ১৪১২ বঙ্গাব্দের ১ বৈশাখ থেকে পাগলা জাহাঙ্গীরের বৈশাখী মেলা অনুষ্ঠিত হয়ে আসছে। তবে এবার ১৪২৪ বঙ্গাব্দের বৈশাখী মেলার সব আয়োজন সম্পন্ন হলেও প্রশাসন অনুমতি না দেওয়ায় তা হচ্ছে না।
কদম চাঁন বিদ্যাপীঠের প্রতিষ্ঠাতা ও পরিচালক কবি পাগলা জাহাঙ্গীর বলেন, এবার বৈশাখী মেলার অনুমতি দিতে ১০ এপ্রিল লালমনিরহাটের জেলা প্রশাসক, পুলিশ সুপার ও আদিতমারী থানার অফিসার ইনচার্জে পৃথক পৃথক আবেদন করা হয়। কিন্তু ১২ এপ্রিল লালমনিরহাট জেলা ম্যাজিস্ট্রেটের কার্যালয়ের সহকারী কমিশনার মো. সুজাউদ্দৌলা স্বাক্ষরিত এক চিঠিতে জানানো হয়, ‘দেশে বিরাজমান আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় এ বৈশাখী মেলা আয়োজনের অনুমতি দেওয়া হলো না।’
পরে বিভিন্ন স্থানে যোগাযোগ করা হলে গতকাল বৃহস্পতিবার পুনরায় জেলা প্রশাসকের কাছে আবারও অনুমতির জন্য আবেদন করা হয়। পরে ১৩টি শর্ত সাপেক্ষে বৈশাখ বরণ অনুষ্ঠানের অনুমতি দেওয়া হয়।
১৪২২ বঙ্গাব্দে পাগলা জাহাঙ্গীর আয়োজিত বর্ষবরণ উৎসব না করতে হুমকি দিয়ে এলাকায় প্রচারপত্র বিলি করা হয়। ওই ঘটনায় ২০১৫ সালের ১৪ এপ্রিল প্রথম আলোর বিশাল বাংলায় ‘বর্ষবরণ উৎসব না করতে প্রচারপত্র’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়।