হজ এজেন্সিতে ফের দুদকের অভিযান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কয়েকটি হজ এজেন্সিতে আবারও অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ সোমবার রাজধানীর বিজয়নগরে কয়েকটি এজেন্সিতে অভিযান চালান সংস্থার এনফোর্সমেন্ট দলের সদস্যরা।

দুদক সূত্র জানায়, কিছু অসাধু হজ এজেন্সি, ট্রাভেল এজেন্ট এবং জনশক্তি মন্ত্রণালয় ও ধর্ম মন্ত্রণালয়ের দুর্নীতিবাজ কর্মকর্তার যোগসাজশে হজযাত্রীদের হয়রানি এবং মানব পাচারকাজে জড়িত থাকার অভিযোগ আসে দুদকে। এটা প্রতিরোধের লক্ষ্যে আজ আকস্মিক অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে বিজয়নগরের আলরাজী কমপ্লেক্সের সাততলায় অবস্থিত এহসান ট্রাভেলসের সাইফুল ইসলামসহ উপস্থিত ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হয়। একই সঙ্গে হজের প্যাকেজ মূল্য, হজযাত্রীদের সুযোগ-সুবিধা এবং চুক্তির অন্যান্য শর্ত যথাযথভাবে বাস্তবায়ন সম্পর্কে তথ্য সংগ্রহ করা হয়।

দুদক দলের উপস্থিতি টের পেয়ে একটি হজ এজেন্সির লোকজন অফিস থেকে পালিয়ে যান। অভিযানের সময় ইস্টওয়েস্ট এয়ার, শরীফ এয়ার সার্ভিস ও আল গাজী ট্রাভেলসে কাগজপত্র পুঙ্খানুপুঙ্খ পরীক্ষা করা হয়।
দুদক বলছে, দুদকের এ অভিযানকে স্বাগত জানিয়ে বৈধ হজ এজেন্সিগুলো গভীর সন্তোষ প্রকাশ করে এবং আশাবাদ ব্যক্ত করে যে এ তৎপরতা অব্যাহত থাকলে অবৈধ হজ এজেন্সির অসাধু কার্যক্রম বন্ধ হয়ে যাবে।
অভিযান পরিচালনা প্রসঙ্গে এনফোর্সমেন্ট অভিযানের সমন্বয়কারী দুদকের মহাপরিচালক (প্রশাসন) মোহাম্মদ মুনীর চৌধুরী জানান, ‘জনগণ হজ নিয়ে দুর্নীতি বন্ধে দুদকের হস্তক্ষেপ চায়। এ লক্ষ্যে এ অভিযান চলছে এবং পর্যায়ক্রমে প্রতিটি হজ এজেন্সির কার্যক্রম তদারক করা হবে।’
এর আগে গত সপ্তাহে রাজধানীর ফকিরাপুলে কয়েকটি ট্রাভেল ও হজ এজেন্সিতে একাধিকবার অভিযান পরিচালনা করে দুদক।