হজ ও ওমরাহ মেলা বৃহস্পতিবার শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হজ এজেন্সি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) উদ্যোগে আগামী বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে সপ্তম হজ ও ওমরাহ মেলা। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে চার দিনের এই মেলা শেষ হবে আগামী ৩০ এপ্রিল। আজ মঙ্গলবার সকালে জাতীয় প্রেসক্লাবে হাব আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।


সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে হাবের সভাপতি মোহাম্মদ ইব্রাহিম বাহার বলেন, ‘বাংলাদেশের হজ এজেন্সিগুলোর সঙ্গে হজে যেতে ইচ্ছুক মানুষের মধ্যে যোগসূত্র স্থাপন, সচেতনতা বৃদ্ধি, মধ্যস্বত্বভোগী বর্জন এবং সঠিক তথ্য প্রদান ও প্রশিক্ষণ দেওয়াই এই মেলার উদ্দেশ্য।’

সংবাদ সম্মেলনে জানানো হয়, এ বছরে বেসরকারি হজ ব্যবস্থাপনায় দুটি প্যাকেজ নির্ধারণ করা হয়েছে। প্রথম প্যাকেজে খরচ পড়বে দুই লাখ ৯৫ হাজার ৭৭৬ টাকা এবং দ্বিতীয়টিতে ৩ লাখ ৫৪ হাজার ৩১৬ টাকা। এই মেলার মাধ্যমে হজযাত্রীরা বিভিন্ন এজেন্সির প্যাকেজের দাম পর্যালোচনা করে পছন্দের এজেন্সির সঙ্গে সরাসরি বুকিং বা চুক্তিবদ্ধ হতে পারবেন। মেলায় হজ ও ওমরাহের বিভিন্ন ধরনের তথ্য হাবের স্টল থেকে জানা যাবে।

লিখিত বক্তব্যে বলা হয়, এ বছর সৌদি আরবের কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা অনুসারে হজযাত্রীদের বাড়িভাড়া, খাওয়াসহ যাবতীয় খরচ সেখানে একটি অ্যাকাউন্ট খুলে সেটির মাধ্যমে পরিশোধ করতে হবে। তা না হলে যাত্রীদের ভিসা দেওয়া হবে না। এ জন্য ১ জুনের মধ্যে হজের সম্পূর্ণ টাকা পরিশোধ করতে হবে যাত্রীদের। এই নির্দেশ মানা না হলে যাত্রীদের যাত্রা অনিশ্চিত হয়ে যাবে বলেও জানানো হয়।

সংবাদ সম্মেলনে বলা হয়, হজযাত্রীরা মে মাসের ৩০ তারিখের মধ্যে প্যাকেজের টাকা হাবের তালিকাভুক্ত ব্যাংকগুলোতে হজ এজেন্সির অ্যাকাউন্টে জমা দিতে পারবেন। এজেন্সিগুলো ২ জুনের মধ্যে প্যাকেজের জমাকৃত টাকার ব্যাংক স্টেটমেন্ট এবং হজযাত্রীদের তালিকা ধর্ম মন্ত্রণালয়, হজ কার্যালয় এবং হাবের কার্যালয়ে পাঠিয়ে দেবেন। ব্যাংক ছাড়াও হজ এজেন্সিতে নগদ টাকা পরিশোধ করা যাবে। তবে সে ক্ষেত্রে রসিদ সংগ্রহ করতে হবে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, বিমান বাংলাদেশ এয়ারলাইনস ও সৌদি এরাবিয়ান এয়ারলাইনসের পাশাপাশি অন্যান্য এয়ারলাইনসে হজে যাওয়া-আসার সুযোগ দেওয়ার আবেদন জানিয়েছে হাব। এ সময় উপস্থিত ছিলেন হাবের মহাসচিব শেখ আবদুল্লাহ, জ্যেষ্ঠ সহ-সভাপতি কবির খান, সহ-সভাপতি আফতাব উদ্দিন চৌধুরী, যুগ্ম মহাসচিব ফরিদ আহমেদ মজুমদার প্রমুখ।