
হজযাত্রী ও হজ এজেন্সির মধ্যে সরাসরি যোগাযোগ স্থাপনের লক্ষ্যে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে গতকাল শনিবার শুরু হয়েছে তিন দিনব্যাপী ‘নবম হজ ও ওমরাহ মেলা’। আয়োজকেরা জানিয়েছেন, নতুন হজ ব্যবস্থাপনার মাধ্যমে হজযাত্রীদের সেবা দেওয়াও এ মেলার লক্ষ্য। ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান আনুষ্ঠানিকভাবে মেলা উদ্বোধন করেন।
হজ এজেন্সিস অব বাংলাদেশ (হাব) এ মেলার আয়োজক।
উদ্বোধনী অনুষ্ঠানে ধর্মমন্ত্রী মতিউর রহমান বলেন, এ ধরনের মেলা থেকে হজযাত্রীরা এজেন্টদের ঘোষিত প্যাকেজ যাচাই-বাছাই করে বেছে নিতে পারেন। নির্বিঘ্নে হজ পালনে সহায়তা করতে সরকার প্রয়োজনীয় উদ্যোগ ইতিমধ্যে নিয়েছে, ভবিষ্যতেও নেবে।
বিশেষ অতিথি ধর্ম মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ আবদুল জলিল বলেন, সৌদি ‘ই-হজ সিস্টেমের’ সঙ্গে সমন্বয়ের জন্য এ বছর থেকে হজযাত্রীদের প্রাক-নিবন্ধন পদ্ধতি চালু করা হয়েছে। নিজে অথবা ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অনুমোদিত বৈধ হজ এজেন্সির মাধ্যমে প্রাক-নিবন্ধনের ধাপ সম্পন্ন করে পেমেন্ট ভাউচারসহ ব্যাংকে টাকা জমা দিতে হবে এবং আপনার প্রাক-নিবন্ধন সনদ সংগ্রহ করতে হবে। হজযাত্রীর সংখ্যা ১ লাখ ১ হাজার ৭৫৮ জন অতিক্রম করলে নিয়মমতো হজযাত্রীরা অপেক্ষমাণ তালিকায় থাকবেন এবং পরবর্তী বছরে হজে যাবেন।
হাবের সভাপতি মোহাম্মদ ইব্রাহিম বাহার জানান, প্রাক-নিবন্ধনের প্রক্রিয়া এবার নতুন। বেসরকারি ব্যবস্থাপনায় হজে যেতে প্রাক-নিবন্ধনের সময় ৩০ হাজার ৭৫২ টাকা দিতে হবে। আর ৩০ মের মধ্যে পছন্দের প্যাকেজের বাকি টাকা দিয়ে নিবন্ধনের প্রক্রিয়া শেষ করতে হবে।
আয়োজকেরা জানান, প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা সবার জন্য উন্মুক্ত। চলবে ১৪ মার্চ পর্যন্ত। মেলা উপলক্ষে হাব ‘হজ বার্তা ২০১৬’ নামে বুলেটিন বের করেছে।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ধর্ম মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি বজলুল হক হারুন, ধর্ম মন্ত্রণালয়ের যুগ্ম সচিব হাসান জাহাঙ্গীর আলম, হাবের মহাসচিব শেখ আবদুল্লাহ, হজ কার্যালয়ের পরিচালক আবু সালেহ মোস্তফা কামাল প্রমুখ। পরে ধর্মমন্ত্রীর নেতৃত্বে অতিথিরা মেলা ঘুরে দেখেন।
মেলা ঘুরে দেখা যায়, একটি ব্যাংকের স্টলে ব্যাংকের মাধ্যমে হজের টাকা জমা দেওয়ার নিয়ম, হিসাব পরিচালনাসহ বিভিন্ন বিষয়ে দর্শনার্থীদের জানানো হচ্ছে। সরকারি ব্যবস্থাপনায় হজে যেতে চাইলে কী কী করণীয়, ধর্ম মন্ত্রণালয়ের স্টলে তা জানানো হচ্ছে। প্রথম আলোর স্টলে বিতরণ করা হচ্ছে বিনা মূল্যে হজযাত্রীদের জন্য সহায়ক হজ গাইড। প্রসঙ্গত, গত নয় বছরে প্রায় ১০ লাখ প্রথম আলো হজ গাইড বিনা মূল্যে বিতরণ করা হয়েছে।