হজ ও ওমরাহ মেলা শুরু
হজ এজেন্সি ও হজযাত্রীর মধ্যে সরাসরি যোগাযোগ স্থাপনের লক্ষ্যে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে গতকাল বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে তিন দিনব্যাপী ‘দশম হজ ও ওমরাহ মেলা’। ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান এই মেলার উদ্বোধন করেন। মেলার আয়োজক হজ এজেন্সিজ অব বাংলাদেশ (হাব)।
উদ্বোধনী অনুষ্ঠানে ধর্মমন্ত্রী মতিউর রহমান বলেন, এ ধরনের মেলা থেকে হজযাত্রীরা এজেন্টদের ঘোষিত প্যাকেজ যাচাই-বাছাই করে বেছে নিতে পারেন। নির্বিঘ্নে হজ পালনে সহায়তা করতে সরকার প্রয়োজনীয় উদ্যোগ ইতিমধ্যে নিয়েছে, ভবিষ্যতেও নেবে।
বিশেষ অতিথি ধর্ম মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ আবদুল জলিল বলেন, ২০১৭ সালের হজ ব্যবস্থাপনাকে নির্বিঘ্ন ও স্বচ্ছ করার জন্য সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে বৈঠকের ব্যবস্থা করা হয়েছে। এসব বৈঠকের ফলে পারস্পরিক কোনো দূরত্ব থাকলে তা কমে আসবে। সৌদি ‘ই-হজ সিস্টেমের’ সঙ্গে সমন্বয়ের জন্য এবারও প্রাকনিবন্ধন চালু করা হবে।
হাবের সভাপতি মোহাম্মদ ইব্রাহিম বাহার জানান, এক ছাদের নিচে হজযাত্রীদের সেবা দেওয়া এ মেলার লক্ষ্য।
প্রতিদিন সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত মেলা সবার জন্য উন্মুক্ত থাকবে। মেলা চলবে ১৭ ডিসেম্বর পর্যন্ত।
মেলা ঘুরে দেখা যায়, হজ প্যাকেজ কত দিন, সৌদি আরবে অবস্থানের মেয়াদ কত দিন, কোথায় কত দিন অবস্থান, ওমরাহ হজের প্যাকেজ, মক্কা-মদিনার বাসস্থান, দূরত্ব বিভিন্ন বিষয়ে দর্শনার্থীদের জানানো হচ্ছে। প্রথম আলোর স্টলে বিনা মূল্যে হজযাত্রীদের জন্য সহায়ক হজ গাইড বিতরণ করা হচ্ছে।