হজ ও ওমরাহ মেলা শুরু হচ্ছে আজ
হজে যেতে ইচ্ছুক লোকজনকে আকৃষ্ট করতে হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) উদ্যোগে আজ বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে দশম হজ ও ওমরাহ মেলা। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠেয় এই মেলা ১৭ ডিসেম্বর পর্যন্ত চলবে।
গত মঙ্গলবার দুপুরে রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে হাবের সভাপতি মোহাম্মদ ইব্রাহিম বাহার মেলার তারিখ ঘোষণা করেন। এ ছাড়া সরকারের কাছে তিনি নানা দাবিদাওয়া তুলে ধরেন।
লিখিত বক্তব্যে ইব্রাহিম বাহার বলেন, মোট হজযাত্রীর ৯৮ ভাগ বেসরকারি ব্যবস্থাপনায় হজ পালন করেন। তাই হজে যেতে ইচ্ছুক লোকজনের মধ্যে যোগসূত্র স্থাপন, হজযাত্রীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি, মধ্যস্বত্বভোগীদের বর্জন এবং হজসংক্রান্ত প্রশিক্ষণ প্রদানই মূলত হজ ও ওমরাহ মেলা আয়োজনের মূল উদ্দেশ্য।
হজযাত্রীদের প্রতারিত হওয়ার বিষয়ে সংবাদ সম্মেলনে ইব্রাহিম বাহার বলেন, হজ এজেন্টকে দ্বিপক্ষীয় চুক্তি স্বাক্ষর হওয়ার আগে হজযাত্রীদের পাসপোর্ট হস্তান্তর করা থেকে বিরত থাকতে হবে। কোনো অবস্থায় কোনো মধ্যস্বত্বভোগী বা কাফেলার সঙ্গে হজে গমনের জন্য আর্থিক লেনদেন করা যাবে না।
বর্তমানে হজে যেতে হলে বাংলাদেশ বিমান ও সৌদি এয়ারলাইনসের মাধ্যমে যেতে হয়। সংবাদ সম্মেলনে জানানো হয়, আপিল বিভাগ ৮ ডিসেম্বর ‘থার্ড ক্যারিয়ার’ ওপেন করার নির্দেশ দিয়েছেন। এ জন্য দ্রুত আদালতের রায় বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন হাবের মহাসচিব শেখ আবদুল্লাহ, জ্যেষ্ঠ সহসভাপতি মোহাম্মদ হেলাল, যুগ্ম মহাসচিব মোজাম্মেল হোসেন, অর্থসচিব ফজলুল ওয়াহাব মাসুম, সংস্কৃতিসচিব নূর মোহাম্মদ, সাবেক সহসভাপতি আবদুল কবির খান প্রমুখ।