হজ করতে গিয়ে কিছু লোক ফিরে আসেন না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ধর্মমন্ত্রী মতিউর রহমান বলেছেন, কিছুসংখ্যক হজযাত্রী হজ ভিসা নিয়ে সৌদি আরব যাওয়ার পর দেশে ফিরে আসেন না। এঁদের কারণে বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি ও স্বার্থ ক্ষুণ্ন হচ্ছে। হজ ও ওমরাহ নীতিমালার আলোকে এ ব্যাপারে প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে।
জাতীয় সংসদে গতকাল সোমবার প্রশ্নোত্তর পর্বে ইসরাফিল আলমের প্রশ্নের জবাবে ধর্মমন্ত্রী এসব কথা বলেন।
জাতীয় পার্টির কাজী ফিরোজ রশীদের প্রশ্নের জবাবে মতিউর রহমান বলেন, হজ পালনের সময় মিনা দুর্ঘটনায় নিহত ও আহত ব্যক্তিদের জন্য ক্ষতিপূরণ দাবির বিষয়ে সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। সৌদি কর্তৃপক্ষ শুধু মিনা দুর্ঘটনায় নিহত ও আহত ব্যক্তিদের ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিলেও এ ব্যাপারে এখনো কোনো ব্যবস্থা গ্রহণ করেনি।
মাহাজাবিন মোরশেদের প্রশ্নের জবাবে ধর্মমন্ত্রী বলেন, ইসলামিক ফাউন্ডেশনের মসজিদ জরিপ ২০০৮ অনুযায়ী সারা দেশে মসজিদের সংখ্যা ২ লাখ ৫০ হাজার ৩৯৯টি। এই জরিপ অনুযায়ী ঢাকা শহরে মসজিদের সংখ্যা ২ হাজার ৭৭৭টি।
নিজাম উদ্দিন হাজারীর প্রশ্নের জবাবে স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক বলেন, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যসহ বিশ্বের ১০২টি দেশে বাংলাদেশে উৎপাদিত ওষুধ ও ওষুধের কাঁচামাল রপ্তানি হচ্ছে। এ কারণে বাংলাদেশ এখন ওষুধ রপ্তানিকারক দেশ হিসেবে স্বীকৃত। দেশীয় চাহিদার ৯৭ শতাংশের বেশি ওষুধ বর্তমানে স্থানীয়ভাবে উৎপাদিত হয়।