বিদেশি হজযাত্রীদের জন্য নির্ধারিত কোটা ২০ শতাংশ হ্রাসের সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য সৌদি কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ। এ ছাড়া চলতি বছর থেকে হজযাত্রীদের সুবিধার্থে ইলেকট্রনিক ওয়েব পোর্টাল সেবা চালুরও আহ্বান জানিয়েছে। বাংলাদেশের ধর্মমন্ত্রী মোহাম্মদ মতিউর রহমান ওই দুটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সৌদি হজমন্ত্রী বন্দর আল হাজারের সঙ্গে গত রোববার আলোচনা করেন। জেদ্দায় সৌদি মন্ত্রীর কার্যালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত (কনসাল জেনারেল) মো. নাজমুল ইসলাম। তিনি বলেন, হজযাত্রীদের সেবার মান উন্নত করার লক্ষ্যে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এসবের মধ্যে ছিল ইলেকট্রনিক ওয়েব পোর্টাল চালু এবং আগের কোটাব্যবস্থা বহাল করার বিষয়গুলো। সৌদি হজ মন্ত্রণালয় সূত্র জানায়, ২০ শতাংশ কোটা হ্রাসের বিষয়টি চলতি বছরের পাশাপাশি আগামী বছরের জন্যও প্রযোজ্য হবে। গ্র্যান্ড মসজিদ (পবিত্র কাবা) সম্প্রসারণ প্রকল্পের কারণেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাংলাদেশের জন্য নির্ধারিত হজযাত্রীদের কোটা এক লাখ নির্ধারণের সিদ্ধান্তে উভয় পক্ষই স্বাক্ষর করেছে।
বাংলাদেশি প্রতিনিধিদলটিতে ছিলেন ধর্মসচিব কাজী হাবিবুল আওয়াল, হজ উপদেষ্টা আসাদুজ্জামান ও অন্যান্য জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা। আরব নিউজ।