
জুমার নামাজ শুরু হতে তখনো দুই ঘণ্টা বাকি। স্রোতের মতো মানুষ মসজিদুল হারামের দিকে ছুটছেন। পবিত্র হজের আগে গতকাল শুক্রবার ছিল শেষ জুমা। মক্কায় হজের জন্য সমবেত হওয়া সারা বিশ্বের লাখো ধর্মপ্রাণ মুসলমান মসজিদুল হারামে গতকাল জুমার নামাজ আদায় করেন।
পরিচিত বেশ কয়েকজন হজযাত্রী বলেছেন, সকালে ফজরের নামাজ পড়ে কাবা শরিফের কাছাকাছি অপেক্ষা করেছিলেন তাঁরা। তাঁদের অনেকে প্রথম কাতারে ইমামের সঙ্গে জুমার নামাজ আদায় করতে পেরেছেন।
খুতবায় বিশ্বের সব মানুষের জন্য দোয়া করা হয়। খুতবায় বলা হয়, ‘হজযাত্রীরা আল্লাহর মেহমান, তাঁরা বড়ই ভাগ্যবান। আল্লাহ সবার হজ কবুল করুন। হজের প্রতিদানস্বরূপ সবাইকে জান্নাত দান করুন।’
বেলা ১১টায় রওনা দিয়ে মসজিদের বাইরের জামাতে অংশ নিই। ফেরার পথে কথা হলো ঢাকার খিলগাঁওয়ের আনিসুজ্জামানের সঙ্গে। তিনি বললেন, ‘এত বড় জামাতে জুমার নামাজ আদায় করেছি। শুকরিয়া জানাই আল্লাহর কাছে। এভাবে হজের কাজগুলোও যেন ভালোভাবে আদায় করতে পারি।’
নামাজ শেষে দেড় কিলোমিটার হাঁটার পর যা-ও গাড়ির দেখা মিলল, গাড়িচালক ভাড়া চাইলেন দ্বিগুণ।
পবিত্র হজ পালন করতে ধর্মপ্রাণ মুসলমানেরা মিনার উদ্দেশে রওনা হচ্ছেন আজ। মক্কার মসজিদুল হারাম থেকে প্রায় নয় কিলোমিটার দূরে মিনা। মিনায় কেউ যাবেন গাড়িতে, কেউ ট্রেনে, কেউবা হেঁটে।
হজের অংশ হিসেবে তাঁরা ৭ থেকে ১২ জিলহজ পাঁচ দিন মিনা, আরাফাহ, মুজদালিফায় অবস্থান করবেন। ৮ জিলহজ মিনায় সারা দিন এবং ৯ জিলহজ ফজরের নামাজ আদায় করে প্রায় ১৪ কিলোমিটার দূরে আরাফাতের ময়দানে সূর্যাস্ত পর্যন্ত অবস্থান করবেন। আরাফাত থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে মুজদালিফায় রাত যাপন ও পাথর সংগ্রহ করবেন হাজিরা। ১০ জিলহজ ফজরের নামাজ আদায় করে মুজদালিফা থেকে আবার মিনায় ফিরে আসবেন তাঁরা। মিনায় এসে বড় শয়তানকে পাথর মারা, কোরবানি ও মাথা মুণ্ডন বা চুল ছেঁটে মক্কায় কাবা শরিফ তাওয়াফ করবেন। তাওয়াফ, সাঈ শেষে মিনায় ফিরে গিয়ে ১১ ও ১২ জিলহজ অবস্থান ও প্রতিদিন তিনটি শয়তানকে পাথর নিক্ষেপ করবেন।
সৌদি আরবে বিমানবন্দরে নামার পর থেকে নির্দিষ্ট অর্থের বিনিময়ে হাজিদের মক্কা-মদিনায় পৌঁছানো, মক্কা-মদিনায় আবাস, মিনা, মুজদালিফা, আরাফাতে থাকা, খাওয়া, যাতায়াতসহ সবকিছুর ব্যবস্থা যাঁরা করেন, তাঁদের বলা হয় মোয়াল্লেম। সৌদি আরবের নাগরিকেরাই হতে পারেন মোয়াল্লেম। প্রত্যেক মোয়াল্লেমের নির্দিষ্ট নম্বর আছে।
প্রত্যেক হজযাত্রীকে নিজ নিজ মোয়াল্লেম কার্যালয় থেকে জানিয়ে দেওয়া হয়েছে, কখন মিনার উদ্দেশে রওনা দেওয়া হবে। একই সঙ্গে দেওয়া হয় মিনার তাঁবু নম্বরসংবলিত কার্ড। ওই কার্ড সব সময় গলায় ঝুলিয়ে রাখতে হয়। একইভাবে মিনা, মুজদালিফা, আরাফাত কীভাবে কখন রওনা হবেন, তা-ও জানিয়ে দেওয়া হয় আগেভাগে।
আমাদের মোয়াল্লেম আজ (শনিবার) এশার নামাজ পড়ে মিনার উদ্দেশে রওনা দেবেন বলে জানিয়েছেন। যেহেতু পাঁচ দিন পরে আবার বাসায় ফিরব, তাই প্রয়োজনীয় জিনিসপত্র সঙ্গে নিতে হবে। মক্কার নিজ বাসাতেই অজু-গোসল সেরে সেলাইবিহীন দুই টুকরা কাপড় পরে হজের নিয়ত করতে হবে। ইহরামের কাপড় (আড়াই হাত বহরের আড়াই গজ কাপড় আর গায়ের চাদরের জন্য একই বহরের তিন গজ কাপড়) এক সেট পরে নিতে হবে, অতিরিক্ত আরেক সেট থাকবে ব্যাগে। এ ছাড়া এক সেট সাধারণ পোশাক (শার্ট-প্যান্ট অথবা পাঞ্জাবি-পায়জামা) পেস্ট, ব্রাশ, সাবান, চার্জারসহ মুঠোফোন, মুজদালিফায় রাতে ঘুমানোর জন্য হালকা বিছানাসহ প্রয়োজনীয় জিনিসপত্র ছোট ব্যাগে নিলে ভালো হয়। কারণ, নিজের ব্যাগ নিজেকেই বহন করতে হবে। মোয়াল্লেম শুধু খাবারের ব্যবস্থা করবেন।
মিনায় (জামারাত) শয়তানকে পাথর নিক্ষেপের সময় যাতে কোনো দুর্ঘটনা না ঘটে, সে জন্য সৌদি হজ কর্তৃপক্ষ (মোয়াচ্ছাসা) হাজিদের ভাগ ভাগ করে জামারাতে পাঠানোর ব্যবস্থা করেছেন।
মনোরেল সেবা: কয়েক বছর হলো হাজিদের যাতায়াতের সুবিধার জন্য আরাফাত থেকে মিনা পর্যন্ত মনোরেল সেবা চালু করা হয়েছে। প্রায় ১৮ কিলোমিটার এ পথে রয়েছে নয়টি স্টেশন (আরাফাতে তিনটি, মুজদালিফায় তিনটি এবং মিনায় তিনটি)। এ প্রকল্পের নাম আল-মাশায়ের আল-মোগাদ্দাস মেট্রো লাইন প্রকল্প। মিনায় যাঁদের তাঁবু রেলস্টেশনের কাছাকাছি পড়েছে, তাঁরা চাইলে রেলের টিকিট কিনতে পারেন। সৌদি ২৫০ রিয়াল দিয়ে মোয়াল্লেমের অফিস থেকে এ টিকিট পাওয়া যায়। এ টিকিট দিয়ে পুরো হজের পাঁচ দিন প্রয়োজনমতো যাওয়া-আসা করা যাবে। আমাদের তাঁবু রেলস্টেশন থেকে দূরে হওয়ায় আমাদের রেলের টিকিট দেননি মোয়াল্লেম।
মিনায় হাজিদের জন্য নির্দিষ্ট জায়গায় শুধু দক্ষিণ এশিয়ার হজযাত্রীদের জন্য ১ থেকে শুরু করে ১১৫ নম্বর পর্যন্ত মোয়াল্লেম আছে। মোয়াল্লেমকে অতিরিক্ত অর্থ দিলে জামারাতের (শয়তানকে পাথর মারার স্থান) কাছে তাঁবু পাওয়া যায়। তেমনিভাবে অফ্রিকান, স্থানীয় সৌদি, মধ্যপ্রাচ্য, ইউরোপ থেকে আসা হজযাত্রীদের জন্য রয়েছে আলাদা জোন। মিনায় এমন সাতটি জোন রয়েছে।
মক্কাপ্রবাসী নুরুল আমিন বকুল জানান, অতিরিক্ত টাকা দিলে মোয়াল্লেমরা জামারাতের কাছে তাঁবুতে হাজিদের থাকার ব্যবস্থা করেন। যেসব এজেন্সি বাড়তি অর্থ দিয়েছে, তাদের মাধ্যমে আসা হাজিদের তাঁবু থাকবে জামারাতের কাছাকাছি অথবা রেলস্টেশনের কাছাকাছি। এ অর্থ এজেন্সি আদায় করে হাজিদের কাছ থেকে। যাঁরা বাড়তি অর্থ দেন না, তাঁদের তাঁবু হয় দূরে।
হজের সময় মিনার সব রাস্তায় যানবাহন চলাচল বন্ধ থাকায় জামারাত থেকে দূরে তাঁবু পাওয়া হাজিরা বিশেষ করে যাঁরা বৃদ্ধ ও শারীরিকভাবে দুর্বল, তাঁরা অসুবিধায় পড়েন। কারণ, তাঁদের দীর্ঘ পথ হাঁটতে হয়। হাঁটার সময় কেউ কেউ পথও হারিয়ে ফেলেন। এ ছাড়া তাঁবুগুলো দেখতে এক রকম হওয়ায় এবং এগুলোতে আরবিতে নম্বর যুক্ত থাকায় অনেকে নিজ তাঁবু চিনতে সমস্যায় পড়েন।
মোয়াল্লেম দপ্তর সূত্র জানায়, জামারাতের কাছে মোয়াল্লেম নম্বর ২২-এর অধীনে থাকবেন বাংলাদেশ থেকে সরকারি ব্যবস্থাপনায় আসা হাজিরা। আর বেসরকারি ব্যবস্থাপনায় এজেন্সির মাধ্যমে আসা হাজিরা থাকবেন ৪, ৬, ৮, ১৪, ১৮ ,২২, ৫২, ৫৩, ৬৩, ৬৪; ৬৬ থেকে ৮৪ এবং ৮৬ থেকে ১১৫ মোয়াল্লেম নম্বরের অধীনে।
মিনায় হাজিদের সহায়তার জন্য ১/২০৯ নম্বর তাঁবুতে পাঁচ দিন বাংলাদেশ হজ কার্যালয়ের কার্যক্রম চালানো হবে।