হজ ফ্লাইট উদ্বোধনের অনুষ্ঠান বর্জন করলেন সাংবাদিকেরা
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হজযাত্রীদের ভিডিও ফুটেজ ও ছবি না পাওয়ায় এবারের হজ ফ্লাইটের উদ্বোধনী অনুষ্ঠান বর্জন করেছেন দেশের বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকেরা। আনুষ্ঠানিকভাবে ডেকে আনার পরও সংবাদকর্মীদের হজ ফ্লাইট এবং হজযাত্রীদের ভিডিও ফুটেজ ও ছবি তুলতে না দেওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
আজ রোববার সকাল নয়টার দিকে হজ ফ্লাইটের উদ্বোধনী অনুষ্ঠান বর্জন করেন সংবাদকর্মীরা। তাঁদের ভাষ্যমতে, আজ সকালে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভেতরে হজ ফ্লাইটের উদ্বোধনী অনুষ্ঠান হওয়ার কথা ছিল। এ অনুষ্ঠান উপলক্ষে সকাল ৭টা ১৫ মিনিটে উপস্থিত হতে গতকাল শনিবার বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের পক্ষ থেকে গণমাধ্যমগুলোতে বিজ্ঞপ্তিও পাঠানো হয়।
সকাল সাতটার দিকে বিমানবন্দরের সিআইপি গেটে উপস্থিত হন সাংবাদিকেরা। কিন্তু সকাল পৌনে নয়টা পর্যন্ত উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয়নি। এর মধ্যে সকাল নয়টায় বিমানের একটা ফ্লাইট হজযাত্রীদের নিয়ে রওনা দেয়। কিন্তু হজযাত্রীদের যাওয়ার ভিডিও এবং ছবি তুলতে দেওয়া হয়নি।
শাহজালাল বিমানবন্দরে ফ্লাইট কার্যক্রমের উদ্বোধন ও প্রথম ফ্লাইটের যাত্রীদের বিদায় জানাতে উপস্থিত ছিলেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী। এ লক্ষ্যে বিমানবন্দরে পূর্বঘোষণা অনুযায়ী একটি সংবাদ সম্মেলনের আয়োজন ছিল। তবে হজযাত্রীদের ফুটেজ না পাওয়ায় সংবাদকর্মীরা এ সংবাদ সম্মেলন বর্জন করেন।
নাগরিক টেলিভিশনের সিনিয়র রিপোর্টার মাজাহারুল ইসলাম খান বলেন, মন্ত্রণালয় থেকে জানিয়েছে, সকাল ৭টা ১৫ মিনিটে এ হজ ফ্লাইটের উদ্বোধনী অনুষ্ঠান হবে, কিন্তু সেটা হয়নি। যথাসময়ের আগেই সাংবাদিকেরা এসে বসে থাকলেও বিমানবন্দর কর্তৃপক্ষ সেটি আমলে নেয়নি এবং এ বিষয়ে কোনো কর্মকর্তা কথা বলেননি। তিনি বলেন, ‘আমরা অপমানিত বোধ করে আজকের হজ ফ্লাইটের উদ্বোধনী অনুষ্ঠান বর্জন করলাম।’
এ সময় বাংলা টেলিভিশন লিমিটেডের স্টাফ রিপোর্টার মুস্তাফিজ রুমন বলেন, ‘বিমানবন্দর কর্তৃপক্ষ আমাদের নিরাপত্তার দোহাই দিয়ে হাজিদের কোনো ভিডিও ফুটেজ এবং সংশ্লিষ্ট বিষয়ে নিউজ কাভার করতে বাধা প্রয়োগ করেছে। সব সাংবাদিক অনুষ্ঠান বর্জন করেন।’
ঘটনাস্থলে কথা হয় একাত্তর টেলিভিশনের মনির মিল্লাতের সঙ্গে। তিনি বলেন, ‘ধর্মমন্ত্রী, বিমান ও পর্যটন প্রতিমন্ত্রীর সংবাদ সম্মেলন এবং হজ ফ্লাইটের শুভ উদ্বোধন অনুষ্ঠান আমরা বর্জন করেছি।’
সাংবাদিকেরা বের হয়ে যাওয়ার পর সকাল নয়টায় তাঁদের আবার বিমানবন্দরের ভেতরে যাওয়ার অনুরোধ করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা তানভীর আহমেদ। তিনি বলেন, প্রতিমন্ত্রী তাঁদের (সাংবাদিকদের) জন্য অপেক্ষা করছেন। তবে এ অনুরোধে সারা দেননি সাংবাদিকেরা।
নাম প্রকাশ না করার শর্তে বিমানবন্দরের এক কর্মকর্তা প্রথম আলোকে বলেন, বোর্ডিং ব্রিজ এলাকায় যাওয়ার বিষয় নিয়ে সৌদি আরবের ইমিগ্রেশন ও সিভিল অ্যাভিয়েশনের কিছু নিষেধাজ্ঞা ছিল। এর ফলে কাউকেই সেখানে যেতে দেওয়া হয়নি। সাংবাদিকেরা এ কারণে ফুটেজ পাননি। পরে সাংবাদিকদের বলা হয়, চারটা টিভি ক্যামেরা ও তিনটা স্টিল ক্যামেরা নিয়ে বিমানবন্দরের ভেতরে যাওয়ার জন্য। যেহেতু সবাইকে নেওয়া সম্ভব হয়নি, এ জন্য সাংবাদিকেরা রেগে বের হয়ে চলে যান।
গণমাধ্যমকর্মীদের ভাষ্যমতে, সকালে তাঁরা (সিআইপি) গেট দিয়ে প্রবেশ করেন। এরপর আর কোথাও তাঁদের যেতে দেওয়া হয়নি। এ কারণে সাংবাদিকেরা সংবাদ সম্মেলন বর্জন করেছেন।
শাহজালাল বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল হাসান বলেন, ভোররাতের পরপরই হাজিরা বোর্ডিং ব্রিজের রেড জোনে চলে গেছেন। সিকিউরিটির কারণে সবাইকে নেওয়া সম্ভব হয়নি।
আজ হজ ফ্লাইটের অনুষ্ঠান নিয়ে বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রীর জনসংযোগ কর্মকর্তা সাংবাদিকদের সঙ্গে যোগাযোগ করছিলেন উল্লেখ করে কামরুল হাসান বলেন, ভুল–বোঝাবুঝি হয়েছে। হজযাত্রীরা বেশ ভালোভাবে নিরাপদে বাংলাদেশ ছেড়েছেন। বিটিভির নেওয়া ফুটেজ ইতিমধ্যে অনেকের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে।
ঘোষণা অনুযায়ী, এ বছর হজ ফ্লাইট শুরু হওয়ার কথা ছিল ৩১ মে। তবে সৌদি কর্তৃপক্ষ প্রস্তুত না থাকায় ৫ জুন ফ্লাইটের দিন ঠিক করা হয়। হজ ফ্লাইট কর্মসূচি দুটি অংশে ভাগ করা হয়েছে। একটি প্রাক্–হজ ফ্লাইট ও আরেকটি হজ ফিরতি ফ্লাইট। প্রাক্–হজ ফ্লাইট শেষ হবে আগামী ৩ জুলাই। ফিরতি ফ্লাইট আগামী ১৪ জুলাই শুরু হয়ে শেষ হবে ১৪ আগস্ট।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৮ জুলাই (৯ জিলহজ মোতাবেক) পবিত্র হজ পালিত হওয়ার কথা। এ বছর বাংলাদেশ থেকে ৫৭ হাজার ৫৮৫ জন পবিত্র হজ পালনের সুযোগ পাচ্ছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৫৩ হাজার ৫৮৫ জন পবিত্র হজে যেতে পারবেন।
এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনস প্রায় ২৯ হাজার হজযাত্রী পরিবহন করবে বলে পরিকল্পনা রয়েছে। এ ছাড়া সৌদি এয়ারলাইনস ও ফ্লাইনাসেরও বাংলাদেশ থেকে হজযাত্রী পরিবহনের কথা আছে।
আজ সকাল ৯টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইনস ডেডিকেটেড হজ ফ্লাইট বিজি-৩০০১–তে ৪১৫ জন যাত্রী ঢাকা ছেড়েছেন। দুপুর ১২টা ৪৫ মিনিটে তাঁদের জেদ্দায় পৌঁছানোর কথা।
এবার সরকারি ব্যবস্থাপনায় দুটি হজ প্যাকেজ ঘোষণা করা আছে। প্রথম প্যাকেজে খরচ ৫ লাখ ২৭ হাজার ৩৪০ এবং দ্বিতীয় প্যাকেজে খরচ পড়বে ৪ লাখ ৬২ হাজার ১৫০ টাকা। আর বেসরকারি ব্যবস্থাপনায় হজ প্যাকেজের খরচ কোরবানি ছাড়া ৪ লাখ ৬৩ হাজার ৭৪৪ টাকা।