হজ ফ্লাইট বাতিলের নিন্দা করেছেন বিএনপির নেতারা
চট্টগ্রাম থেকে হজ ফ্লাইট বাতিলের নিন্দা জানিয়েছেন মহানগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন। গতকাল মঙ্গলবার পত্রিকা অফিসে পাঠানো এক সংবাদ বিবৃতিতে তাঁরা সরকারেরও কঠোর সমালোচনা করেন।বিবৃতিতে বিএনপির নেতারা বলেন, সরকারের হঠকারী সিদ্ধান্তের কারণে এ বছর কোনো হজযাত্রী চট্টগ্রাম থেকে সৌদি আরবে যেতে পারছেন না। এতে চট্টগ্রামের হজযাত্রীরা পবিত্র হজ পালনে সমস্যার মধ্যে পড়েছেন। তাঁরা অবিলম্বে চট্টগ্রাম থেকে হজ ফ্লাইট চালুর দাবি জানান, যাতে চট্টগ্রামের হজযাত্রীরা সহজে সৌদি আরবে গিয়ে পবিত্র হজ পালনে সমর্থ হন। বিবৃতিতে তাঁরা আরও বলেন, শুধু হজ ফ্লাইট নয়, সরকারের কূটনৈতিক ব্যর্থতার কারণে ইদানীং মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের ফ্লাইটসূচি ভেঙে পড়েছে। চট্টগ্রাম থেকে ফ্লাইট বাতিলের কারণে মধ্যপ্রাচ্যে বসবাসকারী অনেকের ভিসার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে। এতে অনেক বাংলাদেশি শ্রমিক সংকটে পড়েছেন।