হজ ফ্লাইট শুরু ১৭ সেপ্টেম্বর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলতি বছর বাংলাদেশ থেকে হজযাত্রী পরিবহন শুরু হবে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে। ওই দিন ভোর পাঁচটায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের প্রথম হজ-পূর্ব ফ্লাইট ঢাকা থেকে সৌদি আরবের উদ্দেশে যাত্রা করবে। আর তা শেষ হবে আগামী ২২ অক্টোবর। বিমান কর্তৃপক্ষের এই হজ ফ্লাইটের সূচি গতকাল রোববার বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সভায় অনুমোদন করা হয়। বিমান সূত্র জানায়, বাংলাদেশ বিমান এবার হজ-পূর্ব ১০৩টি ফ্লাইট পরিচালনা করবে। একইভাবে ১০৩টি ফিরতি হজ ফ্লাইটে হাজিদের দেশে আনা হবে। ফিরতি ফ্লাইট ১ নভেম্বর শুরু হয়ে ২৯ নভেম্বর শেষ হবে। হজ ফ্লাইট পরিচালনার জন্য বিমান কর্তৃপক্ষ ইতিমধ্যে একটি বোয়িং-৭৪৭ উড়োজাহাজ ভাড়া করেছে। আরেকটি উড়োজাহাজ ভাড়া করার প্রক্রিয়া চলছে।এ ছাড়া সৌদি এয়ারলাইনসের হজ-পূর্ব ফ্লাইট শুরু হবে ২১ সেপ্টেম্বর আর শেষ হবে ২২ অক্টোবর। এই বিমান সংস্থা হজ-পরবর্তী ফ্লাইট ৩০ অক্টোবর শুরু করে ৩০ নভেম্বর শেষ করবে। সৌদি আরবের আরেকটি বিমান সংস্থা ন্যাশনাল এয়ার সার্ভিস (নাস) হজ-পূর্ব ফ্লাইট ১৭ সেপ্টেম্বর শুরু করে শেষ করবে ১৯ অক্টোবর। নাসের হজ-পরবর্তী ফ্লাইট ৩০ অক্টোবর শুরু হয়ে ২৮ নভেম্বর শেষ হবে। ২০১২ সালের হজ পালন সুষ্ঠু ও নির্বিঘ্নভাবে সম্পন্ন করতে গতকাল বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত বৈঠকে বিভিন্ন বিমান সংস্থার হজ ফ্লাইটের সূচি অনুমোদন করা হয়। মন্ত্রণালয়ের সচিব আতাহারুল ইসলামের সভাপতিত্বে সভায় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ, বাংলাদেশ বিমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।প্রসঙ্গত, চলতি বছর বাংলাদেশ থেকে এক লাখ ১২ হাজার ৫৬৮ জন হজ পালনে সৌদি আরব যাবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় যাবেন দুই হাজার ৯৬৫ জন। এসব হজযাত্রীর মধ্যে বাংলাদেশ বিমান ৫৮ হাজার যাত্রী পরিবহন করবে। বাকি হজযাত্রী পরিবহন করবে সৌদি ও নাস এয়ারলাইনস।