হজ ফ্লাইটের ১৫ দিন আগে টিকিট করতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ধর্মমন্ত্রী মতিউর রহমান জানিয়েছেন, এখন পর্যন্ত ১৮টি হজ এজেন্সির বিরুদ্ধে ৯৮ জন হজযাত্রী অভিযোগ দিয়েছেন। অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত হজ এজেন্সিগুলোর বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নিশ্চিত করা হবে। ভবিষ্যতে হজ ফ্লাইট শুরুর অনন্ত ১৫ দিন আগে আবশ্যিকভাবে টিকিট কিনতে হবে।

আজ বৃহস্পতিবার জাতীয় সংসদের প্রশ্নোত্তরে সরকার দলের কামাল আহমেদ মজুমদারের প্রশ্নের জবাবে ধর্মমন্ত্রী এসব কথা বলেন। ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়ার সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হওয়ার পর প্রশ্নোত্তর টেবিলে উপস্থাপিত হয়।

কামাল আহমেদ মজুমদারের প্রশ্নের জবাবে ধর্মমন্ত্রী মতিউর রহমান বলেন, অতিরিক্ত মুনাফা লাভের আশায় কিছু এজেন্সি প্রতিবছর দেরিতে বাড়ি ভাড়া করে থাকে। যার কারণে এজেন্সিগুলো ফ্লাইট সিডিউলের শেষের দিকে হজযাত্রী পাঠানোর চেষ্টা করে।

ভবিষ্যতে হজ ব্যবস্থাপনা সুচারুরূপে পরিচালনায় সরকারের সিদ্ধান্ত তুলে ধরে মন্ত্রী বলেন, হজ এজেন্সিগুলোকে যথাসময়ে বাড়ি ভাড়াপূর্বক প্রয়োজনীয়-সংখ্যক টিকিট নিশ্চিত করতে হবে।

সরকারি দলের ফরিদুল হক খানের প্রশ্নের জবাবে ধর্মমন্ত্রী বলেন, হজযাত্রীদের এন্ট্রি ফি আদায় বাধ্যতামূলক করায় হজযাত্রী পাঠাতে প্রাথমিকভাবে কিছুটা সমস্যা হয়। টিকেটিং এজেন্সি কোন কোন হজ এজেন্সির কাছে কখন-কতটি টিকিট বিক্রয় করেছিল তার তালিকা না পাওয়ায় কিছু যাত্রীদের যথাসময়ে বিমানে উড্ডয়নের বিষয়টি কাঙ্ক্ষিত মাত্রায় মনিটরিং করা সম্ভব হয়নি। সরকারের শতভাগ প্রচেষ্টা থাকা সত্ত্বেও নানাবিধ সমস্যার কারণে হজযাত্রার শুরুর দিকে কিছু কিছু ত্রুটি দেখা দেয়। তবে সরকারের প্রচেষ্টায় শেষ দিকে তা নিরসন হয়।

এ কে এম শাহজাহান কামালের প্রশ্নের জবাবে ধর্মমন্ত্রী জানান, চলতি বছরে হাজিদের সঙ্গে সরকারি কর্মকর্তা-কর্মচারী প্রেরণের পেছনে সরকারের ২৬ কোটি ৫ লাখ ৩১২ টাকা খরচ হয়েছে।

সংরক্ষিত আসনের ফিরোজা বেগম চিনুর প্রশ্নের জবাবে ধর্মমন্ত্রী বলেন, অনুমোদিত ১ হাজার ১৬২টি হজ এজেন্সির মধ্যে ২০১৭ সালে ৬৩৫টি অংশগ্রহণ করেছে।

সম্ভাব্য চিকুনগুনিয়া আক্রান্ত সাড়ে ১৩ হাজার
সেলিম উদ্দিনের প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম জানান, চলতি বছরের ৯ এপ্রিল থেকে ৩০ আগস্ট পর্যন্ত সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) প্রাপ্ত রক্তের নমুনা পরীক্ষায় ৯৮০ জন চিকুনগুনিয়া আক্রান্ত ব্যক্তি পাওয়া গেছে। বিভিন্ন জেলার সিভিল সার্জন ও মেডিকেল কলেজ হাসপাতাল থেকে প্রাপ্ত সম্ভাব্য চিকুনগুনিয়া রোগীর সংখ্যা সর্বমোট ১৩ হাজার ৫৭৯ জন। এর মধ্যে ঢাকায় ১৩ হাজার ৩৯৪ জন। ঢাকার বাইরে সারা দেশে ১৮৫ জন। তবে দেশে চিকুনগুনিয়ায় আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি।

সাত মাসে ৬০ হাজার মাদক-মামলা
স্বতন্ত্র সাংসদ রুস্তম আলী ফরাজীর প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান জানান, চলতি বছরের জুলাই পর্যন্ত সাত মাসে মাদক অপরাধের জন্য ৫৯ হাজার ৭৮৩টি মামলা (সব সংস্থা মিলে) দায়ের হয়েছে। এসব মামলায় আসামি করা হয়েছে ৭৫ হাজার ৩২৯ জনকে। আর ২০১৬ সালে ৬৯ হাজার ৭৩৯টি মামলা হয়। এসব মামলায় আসামি ৮৭ হাজার ১৪ জন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের অধিকাংশ জায়গায় মাদকের সিন্ডিকেট শনাক্ত করা সম্ভব হয়েছে। এ কার্যক্রম অব্যাহত রয়েছে। তা ছাড়া নতুন নতুন লোক মাদক ব্যবসায় জড়িয়ে পড়ছে বলে সিন্ডিকেটের তালিকা প্রণয়নের কাজও চলছে।