হজ মেলা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জিলহজ মাসের চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১৪ অক্টোবর পবিত্র হজ পালিত হতে পারে। প্রতিবছরের মতো এবারও অসংখ্য ধর্মপ্রাণ মুসলমান বাংলাদেশ থেকে হজ পালন করতে যাবেন। হজযাত্রী ও হজ এজেন্সির মধ্যে সরাসরি যোগাযোগ স্থাপনের লক্ষ্যে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে গতকাল বৃহস্পতিবার শুরু হয়েছে ‘ষষ্ঠ হজ ও ওমরাহ্ মেলা, ২০১৩’। ধর্ম প্রতিমন্ত্রী শাহজাহান মিয়া মেলার উদ্বোধন করেন। আরও উপস্থিত ছিলেন সাংসদ মো. মজিবুর রহমান, বজলুল হারুন, এ কে এম আউয়াল এবং সৌদি দূতাবাসের চার্জ দি অ্যাফেয়ার্স জাদি নায়েফ আল রাকস। ধর্ম প্রতিমন্ত্রী বলেন, এ ধরনের মেলা থেকে হজযাত্রীরা এজেন্টদের ঘোষিত প্যাকেজ যাচাই-বাছাই করে বেছে নিতে পারেন।হজ এজেন্সিস অব বাংলাদেশ (হাব) ও এক্সট্রিম এক্সিবিশন অ্যান্ড ইভেন্ট সলিউশন লিমিটেড যৌথভাবে এ মেলার আয়োজন করে। হাবের সভাপতি মোহাম্মদ ইব্রাহিম বাহার জানান, হজ নিয়ে জনসচেতনতা বৃদ্ধি, মধ্যস্বত্বভোগীমুক্ত নতুন হজ ব্যবস্থাপনার মাধ্যমে হজযাত্রীদের সেবাদানের লক্ষ্যে এ মেলার আয়োজন করা হয়েছে। তিনি আরও জানান, বেসরকারি ব্যবস্থাপনায় হজে যেতে চাইলে মধ্যস্বত্বভোগীদের কাছে হজের টাকা জমা দিলে হজে যাওয়া যাবে না। হজের টাকা সরাসরি সংশ্লিষ্ট হজ এজেন্সির ব্যাংক হিসাবে জমা দিতে হবে। আয়োজকেরা জানান, ষষ্ঠবারের মতো এ হজ ও ওমরাহ মেলায় ১৩০টি হজ এজেন্সির পাশাপাশি ১২টি ব্যাংক ও হজের সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ১৫৫টি স্টলে অংশ নিচ্ছে। তিন দিনব্যাপী এ মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে। চলবে ২৭ এপ্রিল পর্যন্ত।মেলায় বিভিন্ন ব্যাংকের স্টলে হজের টাকা দেওয়ার নিয়মকানুন, হিসাব পরিচালনাসহ নানা তথ্য দেওয়া হচ্ছে। সরকারি ব্যবস্থাপনায় হজে যেতে চাইলে করণীয় কী, তা জানা যাবে ধর্ম মন্ত্রণালয়ের স্টলে। প্রথম আলোর স্টলে হজযাত্রীদের জন্য সহায়ক হজ গাইড বিনা মূল্যে দেওয়া হচ্ছে।উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. বজলুল হক বিশ্বাস, হাবের মহাসচিব শেখ আবদুল্লাহ, এক্সট্রিম এক্সিবিশন অ্যান্ড ইভেন্ট সলিউশন লিমিটেডের পরিচালক রেজাউল করিম প্রমুখ। এ মেলার মিডিয়া সহযোগী এটিএন বাংলা, সমকাল ও নয়া দিগন্ত।