হজ মেলা শুরু, প্রতারণা বন্ধের আহ্বান
রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র প্রাঙ্গণে আজ শুক্রবার থেকে শুরু হয়েছে অষ্টম হজ ও ওমরাহ মেলা ২০১৫। হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) এই মেলার আয়োজন করেছে। আয়োজকেরা জানিয়েছেন, হজ এজেন্সিগুলোর সঙ্গে হজে যেতে ইচ্ছুক ব্যক্তিদের সেতুবন্ধন রচনা করতেই এই মেলা।
মেলার উদ্বোধন উপলক্ষে আজ শুক্রবার সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে একটি সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, সৌদি সরকারের নির্দেশনা অনুযায়ী এ বছর অনেক আগেই হজনীতি ঘোষণা করেছে সরকার। আগে আগে সব প্রক্রিয়া শেষ হয়ে গেলে হজযাত্রীরা নিশ্চিন্তে থাকতে পারবেন।
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, হজে যেতে ইচ্ছুক ব্যক্তিদের পাসপোর্ট পেতে কোনো সমস্যা হবে না। তার পরও তিনি পুলিশের বিশেষ শাখাকে এ ব্যাপারে নির্দেশনা দেবেন যেন দ্রুতগতিতে সবকিছু হয়। তিনি বলেন, হজে যাওয়ার প্রক্রিয়ায় অবৈধ বা অন্যায় কোনোকিছু সরকার মেনে নেবে না।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ধর্ম মন্ত্রণালয়ের সচিব চৌধুরী বাবুল হাসান বলেন, হজ-প্রক্রিয়ায় অনিয়ম বা প্রতারণা কোনোভাবেই সরকার মেনে নেবে না। হজ এজেন্সিগুলোর উদ্দেশে তিনি বলেন, আপনারা ব্যবসা করুন। লাভ করেন। কিন্তু কোনোভাবেই প্রতারণা করবেন না মানুষের সঙ্গে। সচিব ক্ষোভ প্রকাশ করে বলেন, গত বছর কিছু প্রতিষ্ঠান হাজিদের সঙ্গে প্রতারণা করেছিল। পরে সরকারের উদ্যোগে তাঁরা হজে যেতে সক্ষম হন। এ ধরনের কোনোকিছুই যেন এবার না হয়। হজে যেতে ইচ্ছুক ব্যক্তিদের টাকার একটা বড় অংশই ৫ ফেব্রুয়ারির মধ্য দিয়ে দেওয়ার সময়সীমা বাড়ানোর দাবির ব্যাপারে তিনি বলেন, বিষয়টি বিবেচনা করা হবে।
এর আগে অনুষ্ঠনের স্বাগত বক্তব্যে হাবের সভাপতি ইব্রাহিম বাহার বলেন, ২০১৪ সালের হজ ব্যবস্থাপনা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে ২০১৫ সালের হজ-প্রক্রিয়া শুরু করতে হচ্ছে। কিন্তু বাংলাদেশের মানুষ সাধারণত রোজার সময়ে হজ করার সিদ্ধান্ত নেন। ফলে ১৫ ডিসেম্বর থেকে নিবন্ধনের প্রক্রিয়া শুরু হলেও এখন পর্যন্ত এজেন্সিগুলোতে সেভাবে নিবন্ধন করতে লোকজন আসেনি। অথচ ৫ ফেব্রুয়ারি নিবন্ধনের শেষ তারিখ।
ইব্রাহিম বাহার আরও বলেন, হজে যাওয়ার জন্য এবার নিবন্ধনের সময়ই অর্ধেকের বেশি টাকা দিয়ে দিতে হবে। এটি গ্রামে-গঞ্জের হজ যেতে ইচ্ছুক ব্যক্তিদের জন্য বড় সমস্যা হবে। তাই ৫ ফেব্রুয়ারির মধ্যে শুধু মোয়াল্লেম ফি নিয়ে বাকি টাকা কিস্তির মাধ্যমে জুন মাসের মধ্যে নেওয়া যেতে পারে। এ ছাড়া সরকার এবারও বিমান বাংলাদেশ এয়ারলাইনস ও সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইনসের মাধ্যমে হজ যাত্রী পরিবহন করবে। কিন্তু এই দুটির বাইরে সব উড়োজাহাজ উন্মুক্ত করে দিলে টিকিট নিয়ে সমস্যা দূর হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সভাপতি বজলুল হক, ধর্ম মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (হজ) জাহাঙ্গীর আলম, হাবের মহাসচিব শেখ আবদুল্লাহ প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠানের পর বজলুল হকের নেতৃত্বে অতিথিরা মেলা ঘুরে দেখেন।
মেলায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো হজের বিভিন্ন ধরনের প্যাকেজের বিষয়ে বিস্তারিত তথ্য জানাচ্ছে। এখানে নিবন্ধনেরও সুযোগ রয়েছে। মেলায় প্রথম আলোরও একটি স্টল রয়েছে এবং সেখান থেকে বিনা মূল্যে হজ গাইড দেওয়া হবে। ৫ জানুয়ারি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন মেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন। প্রতিদিন সকাল নয়টা থেকে রাত আটটা পর্যন্ত মেলা চলবে।
চলতি বছরের ২২ সেপ্টেম্বর পবিত্র হজ হওয়ার সম্ভাবনা রয়েছে। ২০১৫ সালে বেসরকারি ব্যবস্থাপনায় ৯১ হাজার ৭৫৮ জন হজযাত্রী পাঠানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এ বছর বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ হবে দুই লাখ ৯৬ হাজার ২০৬ টাকা।