হজ মেলার সমাপনী
শেষ হলো ষষ্ঠ পবিত্র হজ ও উমরাহ মেলা। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনকেন্দ্রে তিন দিনব্যাপী এ মেলার শেষ দিনে গতকাল শনিবার সকাল থেকে হজ এজেন্সির স্টলগুলোতে ছিল হজব্রত পালনে আগ্রহী ব্যক্তিদের ভিড়।মেলায় ব্যানার, পোস্টার, প্রচারপত্র ও পুস্তিকার পাশাপাশি ভিডিও তথ্যচিত্র প্রদর্শনের মাধ্যমে হজবিষয়ক তথ্য দিয়েছে স্টলগুলো। হজযাত্রীদের সুবিধার্থে হজ এজেন্সির সঙ্গে তাদের সরাসরি যোগাযোগ স্থাপনের লক্ষ্যে এ মেলার আয়োজন।মেলায় প্রথম আলোর স্টল থেকে হজযাত্রীদের বিনা মূল্যে সহায়ক গাইড বিতরণ করা হয়। এ গাইডে হজযাত্রীদের প্রস্তুতিমূলক বিষয়গুলোর তথ্য রয়েছে। এ ছাড়া প্রথম আলোতে প্রকাশিত হজবিষয়ক সংবাদের ক্লিপিংস রয়েছে এখানে।মেলায় অংশগ্রহণকারী কয়েকজন বলেন, হজব্রত পালনে আগ্রহী ব্যক্তিরা যাতে দালাল, ফড়িয়া ও মধ্যস্বত্বভোগীদের খপ্পরে না পড়েন, তাঁরা যাতে সরাসরি হজে যেতে পারেন, সে বিষয়ে সহায়তা দেওয়া হচ্ছে। কেউ বুকিং দিচ্ছেন, কেউ তথ্য নিয়ে যাচ্ছেন।’হজ এজেন্সিজ অব বাংলাদেশের (হাব) সভাপতি মোহাম্মদ ইব্রাহিম বাহার বলেন, দালালবিহীন হজ গমন নিশ্চিত করা মেলার অন্যতম লক্ষ্য। হজের টাকা সরাসরি সংশ্লিষ্ট হজ এজেন্সির ব্যাংক হিসাবে জমা দিতে হবে। তা না হলে হজ ভিসা হবে না। এসব বিষয়ে স্পষ্ট ধারণা না থাকায় হজযাত্রীরা বিপাকে পড়েন। হজ মেলা এ ক্ষেত্রে তাঁদের সহায়তা দিচ্ছে। হাব ও এক্সট্রিম এক্সিবিশন অ্যান্ড ইভেন্ট সলিউশন লিমিটেডের যৌথভাবে আয়োজিত এই মেলায় ১৩০টি হজ এজেন্সির পাশাপাশি ১২টি ব্যাংক ও হজের সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ১৫৫টি স্টলে অংশ নেয়।গতকাল সন্ধ্যায় মেলার সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধর্ম প্রতিমন্ত্রী শাহজাহান মিয়া। অন্যান্যের মধ্যে ছিলেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. বজলুল হক বিশ্বাস, হাবের মহাসচিব শেখ আব্দুল্লাহ প্রমুখ।