হজ মেলায় মিলছে সব তথ্য
পবিত্র হজে যাওয়ার তথ্য জানতে ধর্মপ্রাণ মুসলমানরা ভিড় করছেন হজ মেলায়। তিন দিনব্যাপী এ মেলার দ্বিতীয় দিন গতকাল শুক্রবার সকাল থেকে হজ এজেন্সির স্টলগুলোতে ছিল হজব্রত পালনে আগ্রহী ব্যক্তিদের ভিড়।মেলায় ব্যানার, পোস্টার, প্রচারপত্র ও পুস্তিকার পাশাপাশি ভিডিও তথ্যচিত্র প্রদর্শনের মাধ্যমে হজবিষয়ক তথ্য দিচ্ছে স্টলগুলো। হজযাত্রীদের সুবিধার্থে হজ এজেন্সির সঙ্গে তাঁদের সরাসরি যোগাযোগ স্থাপনের লক্ষ্যে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বৃহস্পতিবার থেকে তিন দিনব্যাপী পঞ্চম হজ ও ওমরাহ মেলা শুরু হয়েছে।মেলায় হজ এজেন্সি, ব্যাংক, বিমা, মোবাইল ফোন সেবাদাতা, লিজিং প্রতিষ্ঠান, প্যাকেজ ট্যুর অপারেটরসহ ৪০২টি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। শেওড়াপাড়া থেকে আসা হজে গমনেচ্ছু আবুল হোসেন মেলায় ঘুরছিলেন। অবসরপ্রাপ্ত এ সরকারি কর্মকর্তা সস্ত্রীক হজে যেতে চান। আবুল হোসেন বলেন, ‘কয়েকটি এজেন্সির হজ প্যাকেজগুলো সম্পর্কে জেনেছি। মেলার সুবিধা হচ্ছে, সব এজেন্সির তথ্য একই জায়গায় পাওয়া যাচ্ছে।’ সরকারি কর্মকর্তা ইন্দিরা রোডের বাসিন্দা শহিদুল ইসলামও সস্ত্রীক হজে যেতে চান এ বছর। তিনি বলেন, ‘কীভাবে হজে যেতে হয়, সেখানকার পরিবেশ কেমন, থাকা-খাওয়ার ব্যবস্থা কী—সেগুলো জানতেই মেলায় এসেছি। এজেন্সিগুলো বিভিন্ন সুবিধার কথা বলছে। তাদের দেওয়ার তথ্য পর্যালোচনা করে সিদ্ধান্ত নেব।’ব্যাংকের স্টলে ব্যাংকের মাধ্যমে হজের টাকা জমা দেওয়ার নিয়মকানুন আর হিসাব পরিচালনাসহ সংশ্লিষ্ট বিষয়ে দর্শনার্থীদের জানানো হচ্ছে। ধর্ম মন্ত্রণালয় ও হজ অফিসের স্টলে হজ গমনেচ্ছুদের সরকারি ব্যবস্থাপনায় হজে যাওয়ার ব্যাপারে করণীয় সম্পর্কে তথ্য দেওয়া হচ্ছে। মেলায় প্রথম আলোরও স্টল রয়েছে। এ স্টল থেকে হজযাত্রীদের বিনা মূল্যে সহায়ক গাইড বিতরণ করা হচ্ছে। এ গাইডে হজযাত্রীদের প্রস্তুতিমূলক বিষয়গুলোর তথ্য রয়েছে। এ ছাড়া প্রথম আলোতে প্রকাশিত হজবিষয়ক সংবাদের ক্লিপিংস রয়েছে এখানে। গতকাল মেলা ঘুরে পুরুষের পাশাপাশি অনেক নারীকেও দেখা যায়। তাঁরা হজে যেতে নারীদের সুযোগ-সুবিধার বিষয়গুলো জানতে চাইছেন। মেলায় অংশগ্রহণকারী সিটি ট্রাভেলসের শামসুর রহমান বলেন, ‘হজযাত্রীদের সঠিক দিকনির্দেশনা দেওয়া হচ্ছে। দালাল, ফড়িয়া ও মধ্যস্বত্বভোগীদের খপ্পরে না পড়ে তাঁরা যাতে সরাসরি হজে যেতে পারেন, সে বিষয়ে সহায়তা দেওয়া হচ্ছে। কেউ বুকিং দিচ্ছেন, কেউ তথ্য নিয়ে যাচ্ছেন।’হজ এজেন্সিজ অব বাংলাদেশের (হাব) নির্বাহী সদস্য মিজানুর রহমান ভূঁইয়া বলেন, দালালবিহীন হজ গমন নিশ্চিত করা মেলার অন্যতম লক্ষ্য। হজের টাকা সরাসরি সংশ্লিষ্ট হজ এজেন্সির ব্যাংক হিসাবে জমা দিতে হবে। তা না হলে হজ ভিসা হবে না। এসব বিষয়ে স্পষ্ট ধারণা না থাকায় হজযাত্রীরা বিপাকে পড়েন। হজ মেলা এ ক্ষেত্রে তাঁদের সহায়তা দিচ্ছে। হাব ও এক্সট্রিম এক্সিবিশন অ্যান্ড ইভেন্ট সলিউশন লিমিটেডের যৌথভাবে আয়োজিত এ মেলার আজ শেষ দিন। আজ মেলা চলবে সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত।