হজ যাত্রীদের জন্য তৃতীয় এয়ারলাইনসের কথা ভাবছে সরকার: মেনন
আদালতের নির্দেশনা সাপেক্ষে হজযাত্রী পরিবহনে সরকার তৃতীয় একটি এয়ারলাইনস চালুর বিষয় সক্রিয়ভাবে বিবেচনা করছে বলে জানিয়েছেন বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন। আজ শনিবার সন্ধ্যায় রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে দশম হজ ও ওমরাহ মেলার সমাপনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে মেনন বলেন, হজযাত্রী পরিবহনের সুবিধার্থে বাংলাদেশ বিমান ও সৌদি এয়ারলাইনস ২০১৩ সাল থেকে কাজ করছে। কিন্তু শুধু এই দুটি এয়ারলাইনসের মাধ্যমে হজে যাওয়ার বাধ্যবাধকতা অবৈধ ঘোষণা করে দেওয়া রায় ৮ ডিসেম্বর বহাল রাখেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। আদালত থেকে নির্দেশনা পেলেই তৃতীয় এয়ারলাইনস বা থার্ড ক্যারিয়ার চালুর ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।
মন্ত্রী জানান, গতবার বিমান প্রস্তুত থাকলেও ১২টি শিডিউল বাতিল হয়েছে। এ সময় তিনি হজযাত্রীদের উদ্দেশ্যে বলেন, ‘আপনারা টিকিট আগে থেকেই ঠিক করে রাখবেন যাতে বিমানের এমন শিডিউল বাতিল করতে না হয়।’
এদিকে শনিবার হজ মেলার শেষ দিনে ছিল মানুষের উপচে পড়া ভিড়। সকাল থেকেই মেলায় আসতে থাকে হজযাত্রা সম্পর্কে জানতে আগ্রহীরা। বিকেলে মেলা আরও জমে ওঠে। এবারের মেলায় ছিল ৭২টি প্রতিষ্ঠানের ১২০টি স্টল। মিরপুর থেকে মো. সিরাজুল ইসলাম তাঁর সহধর্মিণীকে নিয়ে হজ মেলায় এসেছিলেন। তিনি বলেন, ‘মেলায় এসে জানতে পারলাম কোথায় কত দিন থাকতে হবে। সব ঠিক থাকলে এবারই হজে যাব।’
৬৩ বছর বয়সী অবসরপ্রাপ্ত কর্মকর্তা মো. রাকিবুল ইসলাম ঠিক করেছেন এবার হজে যাবেন। হজ সম্পর্কে বিস্তারিত জানতে মোহাম্মদপুর থেকে মেলায় এসেছেন। বললেন, বেসরকারি বিভিন্ন এজেন্সির প্যাকেজ, সরকারিভাবে হজে যেতে কী কী করণীয় তা জানতে পেরেছেন মেলা থেকে।
হজযাত্রী ও হজ এজেন্সির মধ্যে যোগাযোগ স্থাপনের লক্ষ্যে গত বৃহস্পতিবার থেকে এই মেলা শুরু হয়। ধর্ম মন্ত্রণালয়ের সহযোগিতায় এই মেলার আয়োজন করেছে হজ এজেন্সিস অব বাংলাদেশ (হাব)। হাবের সভাপতি মোহাম্মদ ইব্রাহিম বাহার প্রথম আলোকে বলেন, যে উদ্দেশ্যে এই মেলা তা সফল হয়েছে।
ধর্ম মন্ত্রণালয়ের স্টলে দায়িত্বে ছিলেন মুহাম্মদ ছাইফুর রহমান ছাইদী। তিনি প্রথম আলোকে বলেন, হজযাত্রীদের সেবা দিতেই এই আয়োজন। শেষদিনে পর্যাপ্ত ভিড় ছিল।
হজযাত্রা নিয়ে একটি সহায়ক বই প্রকাশ করেছে প্রথম আলো। www.prothomalo.com/hajj এই ঠিকানায় গিয়ে হজ সহায়ক বইটি ডাউনলোড করা যাবে।