হজ শেষে মোটরসাইকেল শোভাযাত্রায় বাসায় ফিরলেন আ.লীগ নেতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের বদরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক টুটুল চৌধুরী হজ পালন শেষে পাঁচ শতাধিক মোটরসাইকেল শোভাযাত্রায় বাসায় ফিরেছেন। গত সোমবার সন্ধ্যার আগে সৈয়দপুর বিমানবন্দরে নেমে তিনি ওই শোভাযাত্রাসহ বাসায় ফেরেন।
টুটুল চৌধুরী উপজেলার বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী ও আওয়ামী লীগের নেতা আনিছুল হক চৌধুরীর বড় ছেলে।
উপজেলা আওয়ামী লীগের একাধিক নেতা বলেন, স্থানীয় আওয়ামী লীগে নিজের সমর্থন পোক্ত আছে—এমনটা প্রমাণের জন্যই হজ পালন শেষে তিনি ওই মোটরসাইকেল শোভাযাত্রা নিয়ে বাসায় ফেরেন। আগামী সংসদ নির্বাচনে রংপুর-২ (বদরগঞ্জ-তারাগঞ্জ) আসনে আওয়ামী লীগ থেকে তিনি মনোনয়নও চাইবেন।
তবে হজ পালন শেষে মোটরসাইকেল শোভাযাত্রা নিয়ে আওয়ামী লীগের নেতার বাসায় ফেরাটা স্থানীয় আওয়ামী লীগ সাংসদের সমর্থকেরা ভালো চোখে দেখছেন না।
গত সংসদ নির্বাচনে ওই আসনে তাঁর চাচাতো ভাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম মো. আহসানুল হক চৌধুরী বিনা ভোটে সাংসদ নির্বাচিত হন।
নাম প্রকাশ না করার শর্তে উপজেলা আওয়ামী লীগের দুজন নেতা বলেন, বর্তমানে ওই দুই ভাইয়ের মধ্যে সুসম্পর্ক নেই। তাই টুটুল চৌধুরী আগামী সংসদ নির্বাচনে প্রার্থী হতে প্রস্তুতি নিচ্ছেন।
জানতে চাইলে টুটুল চৌধুরী বলেন, ‘আমি হজ পালনের জন্য দীর্ঘদিন দেশের বাইরে থাকায় নেতা-কর্মী থেকে বিচ্ছিন্ন ছিলাম। নেতা-কর্মীরা আমাকে অত্যন্ত ভালোবাসেন। ফিরে আসার খবর পেয়ে ১ হাজার ২০০ মোটরসাইকেল নিয়ে নেতা-কর্মীরা সৈয়দপুর বিমানবন্দরে হাজির হন। পরে মোটরসাইকেল শোভাযাত্রায় বাসায় ফিরি। এটা দোষের কিছু নয়।’ তবে কয়েকজন প্রত্যক্ষদর্শী বলেন, শোভাযাত্রায় ৫০০ থেকে ৬০০ মোটরসাইকেল ছিল।