হজফ্লাইটের জন্য তিনটি গন্তব্য বন্ধ রাখতে হবে বিমানকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হজের ফ্লাইট পরিচালনার জন্য শেষ পর্যন্ত বিমান বাংলাদেশ এয়ারলাইনস ইউরোপের এভিকো থেকে একটি উড়োজাহাজ ভাড়া করতে সক্ষম হয়েছে। আরেকটি উড়োজাহাজ ভাড়া করার জন্য দরপত্র ডেকেও শেষ পর্যন্ত নেওয়া যায়নি। এ অবস্থায় হজযাত্রী পরিবহনে নিজস্ব দুটি বোয়িং ৭৭৭ উড়োজাহাজ ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে বিমান। আর এ কারণে ওই সময় গুরুত্বপূর্ণ তিনটি গন্তব্যের ফ্লাইট বন্ধ বা কাটছাঁট করতে হবে বলে বিমানের ফ্লাইট পরিচালন-সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন। বিমান সূত্র জানায়, সর্বশেষ ডাকা দরপত্রে (রিকোয়েস্ট ফর প্রপোজাল—আরএফপি) পাঁচটি প্রতিষ্ঠান প্রস্তাব জমা দেয়। এর মধ্যে বাংলাদেশ বিমানে বহুল বিতর্কিত নাইজেরিয়ার কাবো এয়ারলাইনসকে যোগ্য বলে নির্বাচিত করা হয়। কিন্তু কাবো থেকে আবার হজের জন্য উড়োজাহাজ ভাড়া করা হলে ব্যাপক সমালোচনা হতে পারে, এ আশঙ্কায় শেষ পর্যন্ত সিদ্ধান্ত পাল্টানো হয়। এ নিয়ে গত মঙ্গলবার বিকেলে বিমানের পরিচালনা পর্ষদের সভা ডাকা হয়। সভায় সিদ্ধান্ত হয়, আর উড়োজাহাজ ভাড়া করা হবে না। বিমানের নতুন কেনা বোয়িং-৭৭৭ উড়োজাহাজও হজফ্লাইট পরিচালনায় ব্যবহার করা হবে। পরিচালনা পর্ষদ ও বিমানের একাধিক কর্মকর্তা জানান, বোয়িং ৭৭৭ উড়োজাহাজ কেনা হয়েছে ইউরোপ-আমেরিকার মতো দূরপাল্লার গন্তব্যে বিরতিহীন ফ্লাইট পরিচালনার জন্য। এখন এগুলো দিয়ে ঢাকা-লন্ডন ও ঢাকা-ম্যানচেস্টার গন্তব্যে ফ্লাইট চালানো হচ্ছে। পাশাপাশি উড়োজাহাজ-সংকট থাকায় বোয়িং ৭৭৭ দিয়ে ঢাকা-সিঙ্গাপুর, ঢাকা-কুয়ালালামপুরেও ফ্লাইট চালানো হচ্ছে। এখন হজযাত্রী পরিবহনে বোয়িং ৭৭৭ ব্যবহারের সিদ্ধান্ত হওয়ায় ওই সময় লন্ডন, ম্যানচেস্টার, কুয়ালালামপুর ফ্লাইট বন্ধ রাখতে হবে। ফলে গুরুত্বপূর্ণ এসব গন্তব্যে বড় ধরনের ব্যবসায়িক ক্ষতির শিকার হবে বিমান। আগামী ১৭ সেপ্টেম্বর হজযাত্রী পরিবহন শুরু হবে। এ বছর বাংলাদেশ থেকে এক লাখ ১২ হাজার ৫৬৮ জন হজে যাবেন। তাঁদের মধ্যে প্রায় ৫৭ হাজার হজযাত্রী পরিবহন করবে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।