হজম করতে না পেরে ফেরত দেওয়ার অঙ্গীকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শেরপুরে একটি অটোরিকশা ছিনতাই ও এর চালককে হত্যা মামলায় মধ্যস্থতা করতে পুলিশের নাম করে আওয়ামী লীগের এক নেতা টাকা নিয়ে প্রতারণা করেছেন। গত বৃহস্পতিবার বিকেলে থানা চত্বরে সালিস বৈঠকে ওই নেতা টাকা ফেরত দেওয়ার লিখিত অঙ্গীকার করেছেন।সালিস বৈঠকে অংশ নেওয়া শেরপুর থানার পুলিশের উপপরিদর্শক (এসআই) ফারুক হোসেন জানান, টাকা নেওয়ার ঘটনার সঙ্গে পুলিশের কোনো সম্পর্ক নেই। পুলিশের নাম করে মির্জাপুর ইউনিয়ন আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক আবদুল মান্নান ওরফে মাকেজ ২৩ হাজার টাকা নিয়েছেন, সালিসে এর সত্যতা মিলেছে। আগে সাত হাজার টাকা ফেরত দিয়েছেন। আবদুল মান্নান অবশিষ্ট ১৬ হাজার টাকা আগামী ১৫ জুলাই ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে লিখিত অঙ্গীকার করেছেন।আবদুল মান্নান বলেন, মামলা পরিচালনার জন্য টাকা নেওয়া হয়েছিল।সালিস বৈঠকে অংশ নেওয়া মির্জাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল হান্নান তালুকদার বলেন, এ ধরনের ঘটনা দলের জন্য নিন্দনীয়। এতে স্থানীয়ভাবে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। প্রায় একই কথা বললেন মির্জাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি শাহজাহান আলী। ২০১১ সালের ১৯ জুলাই উপজেলার মির্জাপুর ইউনিয়নের তালতা গ্রামের অটোরিকশাচালক আবদুল মান্নানের গাড়িটি শেরপুর থেকে ছিনতাই হয়। তিন দিন পর ২৩ জুলাই পুলিশ উপজেলার ঘোগাবটতলার কাছে খাল থেকে তাঁর লাশ উদ্ধার করে। এ ঘটনায় থানায় একটি মামলা হয়। নিহত মান্নানের স্ত্রী জমিলা বেওয়া (৪১) জানান, আওয়ামী লীগের ওই নেতা গাড়িটি উদ্ধারের জন্য থানার পুলিশের নাম করে ২৫ হাজার টাকা দাবি করেন। তিনি ২৩ হাজার টাকা দেন। কিন্তু তিনি গাড়ি পাননি।