হজমেলায় দর্শকের ভিড়
ষষ্ঠ হজ ও উমরাহ মেলার দ্বিতীয় দিন গতকাল শুক্রবার সকাল থেকে স্টলগুলোতে ছিল ভিড়। উপস্থিত দর্শকের বেশির ভাগই হজে যাওয়ার নিয়ম-কানুন ভালো করে জেনে নেওয়ার চেষ্টা করছিলেন। আর তাঁদের সব প্রশ্ন সহজ করে বুঝিয়ে দিচ্ছিলেন হজ এজেন্সিগুলোর কর্মীরা।হজযাত্রীদের সঙ্গে হজ এজেন্সিগুলোর সরাসরি যোগাযোগ স্থাপন করতে গত বৃহস্পতিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনকেন্দ্রে এই মেলা শুরু হয়। আজ শনিবার শেষ হচ্ছে তিন দিনের এই মেলা।মেলায় বিভিন্ন ব্যাংকের স্টলে হজের টাকা দেওয়ার নিয়ম-কানুন জানার চেষ্টা করতে দেখা যায় দর্শকদের। এমন একজন মো. ওহাব উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘মেলায় বিভিন্ন স্টল ঘুরে হজের টাকা সরাসরি কীভাবে জমা দিতে হয়, তা জানতে পারলাম।’ ‘এই মেলায় এসে সিদ্ধান্ত নিতে পেরেছি, সরকারি ব্যবস্থাপনায়, না বেসরকারি ব্যবস্থাপনায় যাব।’ বললেন আবদুল হাকিম। নর্থ বেঙ্গল হাজি ট্রাভেল অ্যান্ড ট্যুর স্টলের কর্মী আবদুল মতিন বলেন, ‘হজযাত্রীদের ভোগান্তি কমাতে মেলায় আমাদের অংশ নেওয়া।’ সকাল থেকে মেলায় আসা হজযাত্রীরা প্রথম আলোর স্টলে হজ গাইডের জন্য ভিড় করেন।হজ এজেন্সিস অব বাংলাদেশ (হাব) ও এক্সট্রিম এক্সিবিশন অ্যান্ড ইভেন্ট সল্যুশন লিমিটেডের যৌথ আয়োজনে এই মেলায় হজ এজেন্সি, ব্যাংক ও হজের সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ১৫৫টি স্টলে অংশ নিয়েছে। হজ মেলায় সহযোগিতায় রয়েছে এটিএন বাংলা, সমকাল ও নয়া দিগন্ত।