হজযাত্রী ও এজেন্সির মধ্যে যোগাযোগ স্থাপনে কাল হজ মেলা শুরু
হজযাত্রী ও হজ এজেন্সির মধ্যে সরাসরি যোগা-যোগ করিয়ে দেওয়ার লক্ষ্যে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে কাল বৃহস্পতিবার শুরু হচ্ছে ‘পঞ্চম হজ ওমরাহ মেলা ২০১২’। হজ এজেন্সি অব বাংলাদেশ (হাব) ও এক্সট্রিম এক্সিবিশন অ্যান্ড ইভেন্ট সলিউশন লিমিটেড যৌথভাবে তিন দিনব্যাপী এ মেলার আয়োজন করছে। সোমবার রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।সংবাদ সম্মেলনে বক্তব্য দেন হাবের সভাপতি জামাল উদ্দিন আহমেদ, মহাসচিব এম এ রশিদ শাহ ও এক্সট্রিম এক্সিবিশন অ্যান্ড ইভেন্ট সলিউশন লিমিটেডের পরিচালক রেজাউল করিম।সংবাদ সম্মেলনে জামাল উদ্দিন জানান, হজ নিয়ে জনসচেতনতা বৃদ্ধি ও মধ্যস্বত্বভোগীমুক্ত নতুন হজ ব্যবস্থাপনার মাধ্যমে হজযাত্রীদের সেবা দেওয়ার লক্ষ্যে এ মেলার আয়োজন করা হয়েছে। বেসরকারি ব্যবস্থাপনায় আগামী ২০ জুনের মধ্যে নির্ধারিত ব্যাংকে হজের টাকা জমা দেওয়া যাবে। হজে যেতে অন্তত তিন লাখ তিন হাজার ৪৪০ টাকা খরচ হবে। মেলায় ৪০২টি হজ এজেন্সির পাশাপাশি ব্যাংক, বিমা, মুঠোফোন সেবাদানকারী প্রতিষ্ঠান, লিজিং প্রতিষ্ঠান, প্যাকেজ ট্যুর অপারেটরও অংশ নেবে। ২৮ এপ্রিল শেষ হওয়া মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে।মেলায় আরও জানানো হয়, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী ফারুক খান, ধর্ম প্রতিমন্ত্রী শাহজাহান মিয়া ও স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শামসুল হক মেলার উদ্বোধন করবেন। সৌদি রাষ্ট্রদূত আবদুল্লাহ বিন নাসের আল বুসাইরি, জাতীয় সংসদের হুইপ, স্বরাষ্ট্র, পররাষ্ট্র, বিমান পরিবহন ও ধর্ম মন্ত্রণালয়ের সচিবরা এ সময় উপস্থিত থাকবেন।