হজযাত্রী কমল ১২ হাজার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সৌদি আরব সরকার এ বছর বাংলাদেশের জন্য হাজিদের কোটা কমিয়েছে। এ বছর ১ লাখ ১৩ হাজার ৮৬৮ জন হজযাত্রীর পবিত্র হজ পালনের কথা থাকলেও ১২ হাজার ১১০ জন কমানো হয়েছে। ফলে এবার সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট ১ লাখ ১ হাজার ৭৫৮ জন বাংলাদেশি হজ করতে যেতে পারবেন।
গতকাল সোমবার মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে ‘জাতীয় হজ ও ওমরাহ নীতি ২০১৬ এবং পবিত্র হজ প্যাকেজ ২০১৬’ সংশোধনের প্রস্তাব অনুমোদন করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠকে সভাপতিত্ব করেন। এর আগে গত ১১ জানুয়ারি মন্ত্রিসভা জাতীয় হজনীতি ও হজ প্যাকেজ অনুমোদন দেয়। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১০ সেপ্টেম্বর হজ হওয়ার সম্ভাবনা রয়েছে।
সভা শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সংবাদ ব্রিফিংয়ে বলেন, সৌদি সরকারের সিদ্ধান্ত অনুযায়ী হজনীতিতে এই সংশোধন আনা হয়েছে। সব দেশের জন্যই সৌদি আরব এই নীতি অনুসরণ করেছে।
এবার হাজিদের কোরবানির টাকা ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকের (আইডিবি) মাধ্যমে জমা দিতে হবে। এর আগে ব্যক্তিগতভাবে কোরবানি দেওয়ার যে সুযোগ ছিল, তা বন্ধ করা হয়েছে। এ ছাড়া হজ এজেন্সিগুলো আগে কমপক্ষে সর্বনিম্ন ৫০ জন হাজি নিতে পারত। এবার কমপক্ষে ১৫০ জন হাজি নিতে হবে।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, সৌদি সরকার জানিয়েছে, গরমের কষ্ট কমাতে ওয়াটার কুলারের ব্যবস্থা করবে তারা। তিনি জানান, গতকালের বৈঠকে প্রতিবছর ২৮ এপ্রিল ‘জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস’ উদ্যাপনের প্রস্তাব অনুমোদন করা হয়।