চলতি বছর হজযাত্রী পরিবহন করে ৮০ কোটি টাকা মুনাফা করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।গতকাল শনিবার দুপুরে বিমানের সদর দপ্তর বলাকায় এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বেসামরিক বিমান পরিবহনমন্ত্রী মুহাম্মদ ফারুক খান। তিনি বলেন, এ বছর হজযাত্রী পরিবহন করে বিমানের মোট রাজস্ব আয় হয়েছে ৬৫০ কোটি টাকা। এর মধ্যে খরচ বাদ দিয়ে লাভ হয়েছে ৮০ কোটি টাকা।হজযাত্রী পরিবহনে বাংলাদেশ বিমানের প্রশংসা করে ফারুক খান বলেন, ‘হজযাত্রী পরিবহন করা খুবই কঠিন কাজ। বিমান এ বছর হজ ফ্লাইটকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করায় সফলতা এসেছে।’সংবাদ সম্মেলনে বলা হয়, বাংলাদেশ থেকে এ বছর এক লাখ ১০ হাজার ৫৫২ জন হজব্রত পালন করতে সৌদি আরবে যান। এর মধ্যে বাংলাদেশ বিমান বহন করে ৫৪ হাজার ১৭৯ জন। আর সৌদি এয়ারলাইনস ৪২ হাজার ২০৬ জন ও নাস এয়ার ১৪ হাজার ১৬৭ জন বহন করে। হজ পালন শেষে এখন পর্যন্ত দেশে ফিরে এসেছেন এক লাখ পাঁচ হাজার ১৩১ জন। হজ পালন করতে গিয়ে মারা গেছেন ১৭৩ জন। অবশিষ্ট যাত্রীদের ১২ ডিসেম্বর বিমানের শেষ ফিরতি হজ ফ্লাইটে ফেরার কথা রয়েছে।লোকসানের পক্ষে যুক্তি: তত্ত্বাবধায়ক সরকারের আমলে লাভের মুখ দেখলেও এ সরকারের আমলে আবার লোকসানে পড়েছে বিমান। চলতি বছর কত টাকা লোকসান গুনতে হয়েছে, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে বিমানমন্ত্রী বলেন, ‘বিমান ভবিষ্যতেও লোকসান করবে, যদি আমরা তাদের নতুন উড়োজাহাজ না দিতে পারি। বর্তমানে বহরে থাকা ১০টি উড়োজাহাজের আটটিই ২০ থেকে ৩০ বছরের পুরোনো। পুরোনো উড়োজাহাজ দিয়ে লাভের মুখ দেখা সম্ভব নয়।’ এ ছাড়া আন্তর্জাতিক বাজারে তেলের দাম প্রায় ৬৫ শতাংশ বেড়ে যাওয়াও লোকসানের আরেক বড় কারণ বলে দাবি করেন তিনি।সংবাদ সম্মেলনে বিমানের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান এয়ার মার্শাল (অব.) জামাল উদ্দিনসহ বিমান ও মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।