হজযাত্রী পরিবহনে অনিয়মকারীদের বিরুদ্ধে ব্যবস্থা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হজযাত্রী পরিবহনের ক্ষেত্রে দুর্নীতি ও অনিয়ম, বিশৃঙ্খলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান।
গতকাল বুধবার সচিবালয়ে ধর্ম মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এ কথা বলেন। এ সময় মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব আবদুল জলিল, হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) সভাপতি ইব্রাহিম বাহারসহ মন্ত্রণালয়ের কর্মকর্তা ও হজ-সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
ধর্মমন্ত্রী বলেন, স্লট (সৌদি আরবে ফ্লাইট অবতরণের অনুমতি লাগে। একটা অবতরণের বিপরীতে একটা স্লট) বাতিল হলেও হজযাত্রী পরিবহনে কোনো সমস্যা হবে না। আর বাতিল হওয়া স্লট পুনরায় বরাদ্দ পেতে চেষ্টা চলছে। ইতিমধ্যে ১৫টি স্লট বরাদ্দ দিয়েছে সৌদি আরব কর্তৃপক্ষ। তিনি বলেন, আগামী ৩৫টি ফ্লাইটের যাত্রী সামর্থ্য ৩০০ থেকে বাড়িয়ে ৪১৯ করে বাতিল হওয়া স্লটের যাত্রী সমন্বয় করার উদ্যোগ নেওয়া হয়েছে।
হজ ব্যবস্থাপনা নিয়ে সচিব ও হজ পরিচালকের বিরুদ্ধে হাবের অভিযোগ এবং হজ সমন্বয় পরিষদ ও ওমরা হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে হাবের বিরুদ্ধে অভিযোগ প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘আমি নিজে উপস্থিত থেকে সব সমস্যার সমাধান করেছি। দ্রুত ব্যবস্থা নেওয়ায় হজযাত্রীদের ভিসা দ্রুত ছাড়া হয়েছে।’
মন্ত্রীর সহকারী একান্ত সচিব শফিকুল ইসলাম হাবের সঙ্গে আঁতাত করতে বৈঠক করছেন এবং আগেও অর্থ আত্মসাতের অভিযোগ ছিল তাঁর বিরুদ্ধে, এমন এক প্রশ্নের জবাবে ধর্মমন্ত্রী বলেন, ‘হাতেনাতে প্রমাণ দিলে আমি এখানে বসেই তাকে চাকরি থেকে বরখাস্ত করব।’
মন্ত্রী বলেন, এবার সরকারি ব্যবস্থাপনায় ৫ হাজার ২০০ এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৯৫ হাজার ৫৫৮ জন হজযাত্রী সৌদি আরবে পবিত্র হজ পালন করবেন। এ পর্যন্ত ৯০ হাজার হজযাত্রীর ভিসা দূতাবাস থেকে অনুমোদন হয়েছে। বাকিদের ভিসা প্রক্রিয়াধীন রয়েছে।