হজযাত্রী পাচ্ছে না বিমান, শেষ দিকে সংকটের আশঙ্কা
যাত্রীস্বল্পতার কারণে হজ ফ্লাইট নিয়ে বিপাকে পড়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। প্রতিটি ফ্লাইটেই আসন খালি যাচ্ছে। এরই মধ্যে ১০টি ফ্লাইট বাতিল করা হয়েছে। পরবর্তী ফ্লাইটগুলোতেও যাত্রীর সংকট রয়েছে। অন্যদিকে সৌদি এয়ারলাইনসের হজ ফ্লাইটগুলোতে কোনো যাত্রীসংকট নেই।
বিমান কর্তৃপক্ষ উপর্যুপরি ফ্লাইট বাতিল ও যাত্রীসংকটের কারণে গতকাল বিজ্ঞপ্তি দিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। তবে সংশ্লিষ্ট সূত্রগুলো এ জন্য বিমানের অদক্ষ ব্যবস্থাপনা এবং কিছু হজ এজেন্সির কারসাজিকে দায়ী করছে।
বিমান ও হজ এজেন্সির একাধিক সূত্র জানায়, এবার হজযাত্রী বুকিং এবং কখন কী সংখ্যক যাত্রী দরকার, তা নির্ধারণ করে সে অনুযায়ী হজ এজেন্সির সঙ্গে বোঝাপড়ার কাজটি বিমান দক্ষতার সঙ্গে করতে পারেনি। তার ওপর শুরুতেই বিপত্তি হয়েছে মার্কিন ডলারের বিনিময় হার নির্ধারণ নিয়ে। বিমান শুরুতে প্রতি ডলারের বিনিময় হার ধরেছে ৮০ টাকা ৫০ পয়সা। আর সৌদি এয়ারলাইনস ধরেছে বাংলাদেশ ব্যাংকের দর অনুযায়ী ৭৮ টাকা ৪০ পয়সা। এর ফলে বিমানের টিকিটের দাম প্রায় চার হাজার টাকা বেড়ে যায়। এ ছাড়া সৌদি আরবে যাত্রীপ্রতি ৫০ ডলার সিটি চেকইন চার্জ সৌদি এয়ার নিচ্ছে না। সব মিলিয়ে বিমানের সঙ্গে সৌদি এয়ারের টিকিট মূল্যের ব্যবধান দাঁড়ায় প্রায় আট হাজার টাকা। এ কারণে শুরুতে বিমানে বুকিং দিয়েও অনেক হজ এজেন্সি যাত্রী পাঠিয়েছে সৌদি এয়ারে। এতে যাত্রীপ্রতি তাদের বাড়তি লাভ আট হাজার টাকা।
একাধিক হজ এজেন্সির মালিকেরা বলেন, কোনো এজেন্সি যদি ২০০ হাজি পাঠায়, তাতে জনপ্রতি ৮ হাজার করে ১৬ লাখ টাকা বাড়তি লাভ। এই অবস্থায় সবাই সৌদি এয়ারের দিকে ঝুঁকবে, এটাই স্বাভাবিক।
এ ব্যাপারে জানতে চাইলে বিমানের বিক্রয় ও বিপণন শাখার মহাব্যবস্থাপক সৈয়দ আহসান হোসেন কাজী বলেন, টিকিট মূল্যের এই ব্যবধান এখন আর নেই। এখন বিমানের টিকিট সৌদি এয়ারের চেয়ে ১০৮ ডলার কম। তিনি বলেন, প্রথম আট দিনেই অনেকগুলো এজেন্সি সৌদি এয়ারে চলে গেছে। আর সেখানে বুকিং দিতে গেলে পুরো টাকা দিতে হয়, ফলে তারা আর ফিরতে পারে না। এ কারণে বিমান যাত্রী পাচ্ছে না। তা ছাড়া বেশির ভাগ হজযাত্রী হয় শুরুর দিকে, না হয় শেষ দিকে যেতে চান। মধ্যভাগে যেতে আগ্রহী কম থাকেন।
তবে সংশ্লিষ্ট অপর একটি সূত্র জানায়, বিমানের অদক্ষতার সুযোগ কাজে লাগিয়ে কিছু এজেন্সি সিন্ডিকেট করে একটা কৃত্রিম সংকট তৈরি করার চেষ্টা চালাচ্ছে। যাতে শেষ মুহূর্তে আটকে পড়া যাত্রী পরিবহনের জন্য তৃতীয় কোনো এয়ারলাইনসকে যুক্ত করা হয়। কারণ, তাতে এজেন্সিগুলোর ব্যবসা আরও বাড়বে। একই সঙ্গে এরা অতিরিক্ত আরও ১০ হাজার হাজি পাঠানোর কোটা আদায়ে সরকারের ওপর চাপ সৃষ্টি করতে চাচ্ছে।
অবশ্য হজ এজেন্সিগুলোর সংগঠন হাবের সভাপতি ইব্রাহিম বাহার প্রথম আলোকে বলেন, ডলারের বিনিময় হার ও সিটি চেকইন চার্জের কারণে অনেকে সৌদি এয়ারলাইনসে যাচ্ছেন। আবার অনেক হজযাত্রী বাড়িভাড়ার কাজ এখনো শেষ করতে পারেননি। অনেকে ভিসা পাননি। সব মিলিয়ে একটা সমস্যা তৈরি হয়েছে। তাঁরা আশা করছেন, কয়েক দিনের মধ্যে বিমানের যাত্রীসংকটের সমাধান হয়ে যাবে।
সংশ্লিষ্ট অপর একটি সূত্র জানায়, চলতি বছর বাংলাদেশ থেকে ১ লাখ ১ হাজার ৭৫৮ জন হজে যাবেন। এর অর্ধেক বিমান ও অর্ধেক সৌদি এয়ারলাইনস বহন করবে। সে অনুযায়ী, বিমান ৫২ হাজার যাত্রী বহনের জন্য আসন-সক্ষমতা তৈরি ও প্রয়োজনীয় স্লট (সৌদি আরবে ফ্লাইট অবতরণের অনুমতি লাগে। একটা স্লটের বিপরীতে একটা অবতরণ) বরাদ্দ পেয়েছে।
বিমানের গত রাতে দেওয়া বিজ্ঞপ্তি অনুযায়ী, ৪ আগস্ট বিমান হজ ফ্লাইট শুরু করে গতকাল পর্যন্ত ৫৮টি ফ্লাইটে প্রায় ১৮ হাজার হজযাত্রী পরিবহন করেছে। ৫ সেপ্টেম্বর পর্যন্ত মোট ১৪৪টি ফ্লাইটে প্রায় ৫২ হাজার হজযাত্রীকে জেদ্দা পৌঁছাতে হবে।
অপরদিকে বিমানের এক দিন পর ফ্লাইট চালু করে সৌদি এয়ার গতকাল পর্যন্ত ২২ হাজার হজযাত্রী নিয়ে গেছে। গতকাল পর্যন্ত ফ্লাইট সূচির হালনাগাদ যে তথ্য পাওয়া গেছে, তাতে দেখা যায়, আজ (১৮ আগস্ট) বিমানের তিনটি হজ ফ্লাইটে ৩৯৭টি আসন ফাঁকা, পরদিনের দুটি ফ্লাইটে ৭৩৮টি, তার পরদিন (২০ আগস্ট) ১ হাজার ৪২৪টি আসন খালি যাবে। এমন পরিস্থিতি আর কিছুদিন চললে ৫ সেপ্টেম্বরের মধ্যে নির্দিষ্ট সংখ্যক স্লট (১১২টি) দিয়ে ৫২ হাজার হজযাত্রী পরিবহন নিয়ে সংকট দেখা দেবে।
গত রাতে দেওয়া বিমানের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ১১ আগস্ট থেকে যাত্রীস্বল্পতার শুরু। এতে বলা হয়, বরাদ্দ করা আসনের বিপরীতে কতিপয় হজ এজেন্সি যথাসময়ে টিকিট গ্রহণ না করায় বিমান এ পর্যন্ত ১০টি হজ ফ্লাইট বাতিল করেছে। এ জন্য দায়ী হিসেবে বিমান কর্তৃপক্ষ ঢাকা, চট্টগ্রাম ও সিলেটের ৫৫টি হজ এজেন্সিকে চিহ্নিত করে সেগুলোর নাম প্রকাশ করেছে।
বিমান বলছে, ফ্লাইট বাতিলের কারণে পাঁচ হাজার যাত্রী পরিবহনে ‘ক্যাপাসিটি’ খোয়া গেছে। অবস্থার আশু উন্নতি না হলে হজ পরিবহনে পরবর্তী পর্যায়ে মারাত্মক সংকট তৈরি হতে পারে।
এই অবস্থায় গতকাল বিমানের মহাব্যবস্থাপক খান মোশাররফ হোসেনের সই করা এক বিজ্ঞপ্তিতে সব হজ এজেন্সিকে আগামী ৭২ ঘণ্টার মধ্যে তাদের আসন নিশ্চিতপূর্বক টিকিট সংগ্রহ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।