হজযাত্রী পাঠানো নিয়ে অনিয়ম হলে ব্যবস্থা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হজ মেলায় একটি স্টলে হজে যাওয়ার বিভিন্ন নিয়মকানুন  জেনে নিচ্ছেন এক নারী ।  ছবি: প্রথম আলো
হজ মেলায় একটি স্টলে হজে যাওয়ার বিভিন্ন নিয়মকানুন জেনে নিচ্ছেন এক নারী । ছবি: প্রথম আলো

হজযাত্রী পাঠানো নিয়ে এজেন্সিগুলো কোনো অনিয়ম করলে ছাড় দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান। গতকাল বৃহস্পতিবার রাজধানীর হজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) আয়োজিত হজ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। তিনি হজ এজেন্সিগুলোকে সাবধান করে দিয়ে বলেন, কোনো অনিয়ম হলে দায়ী ব্যক্তি ও প্রতিষ্ঠানকে শাস্তি পেতে হবে।
চার দিনব্যাপী এ মেলায় ৪০০টি হজ এজেন্সি অংশ নিচ্ছে। হজ করতে আগ্রহী ব্যক্তিরা এই মেলায় এসে বিভিন্ন তথ্য জানতে পারবেন। চার দিনের প্রতিদিনই হজসংক্রান্ত সেমিনার ও প্রশিক্ষণের ব্যবস্থা থাকবে।
ধর্মমন্ত্রী বলেন, এ বছর বাংলাদেশ থেকে এক লাখ এক হাজার ৭৫৮ জন হজ পালনের সুযোগ পাবেন। একেকটি এজেন্সি সর্বনিম্ন ৫০ জন ও সর্বোচ্চ ৩০০ জনকে হজে নেওয়ার সুযোগ পাবে।
হাবের সভাপতি মোহাম্মদ ইব্রাহিম বাহার হজ এজেন্সিগুলোর বিভিন্ন দাবি তুলে ধরে বলেন, হজ এজেন্সিগুলোর পাওনা ১০ কোটি টাকা এখনো ধর্ম মন্ত্রণালয় ফেরত দিচ্ছে না। সরকারিভাবে পাঠানো হজযাত্রীদের মোয়াল্লেম ফি বেসরকারিভাবে পাঠানো যাত্রীদের চেয়ে অনেক কম। এ বৈষম্য দূর করতে হবে।
হাবের মহাসচিব শেখ আবদুল্লাহ হজযাত্রীদের বাংলাদেশ বিমানে ভ্রমণ বিষয়ে যে নিয়ম রয়েছে, তা বাতিল করার দাবি জানিয়ে বলেন, বিমান সারা বছর লোকসান গুনবে আর হজযাত্রীদের কাছ থেকে লাভ করে সেই লোকসান পোষাবে, তা হবে না।
মেলায় প্রথম আলোর স্টলে বিনা মূল্যে প্রথম আলো হজ গাইড বিতরণ করা হচ্ছে।