হজযাত্রী প্রতিস্থাপন কোটা ৪ থেকে বাড়িয়ে ১৫ শতাংশ করার দাবি
হজের জন্য নিবন্ধন করা কোনো ব্যক্তি মারা গেলে কিংবা গুরুতর অসুস্থ হলে তাঁর বদলি হিসেবে অন্য কাউকে হজ করার সুবিধা দেয় ধর্ম মন্ত্রণালয়। প্রতিবছর এই রিপ্লেসমেন্ট বা প্রতিস্থাপন কোটা ৪ শতাংশ রাখে মন্ত্রণালয়। চলতি বছরও এ কোটা সংরক্ষিত আছে। তবে হজ এজেন্সিজ অব বাংলাদেশ (হাব) ও বাংলাদেশ হজযাত্রী কল্যাণ পরিষদ এ বছর বদলি কোটা ১৫ শতাংশ করার দাবি করছে।
হাব সূত্র বলছে, অধিকাংশ এজেন্সির ৮ থেকে ১৫ জন হজযাত্রী প্রতিস্থাপন প্রয়োজন। আবার কিছু এজেন্সির একজন হজযাত্রীও প্রতিস্থাপনের প্রয়োজন পড়ছে না।
হাবের মহাসচিব শাহাদাত হোসাইন বলেন, নিবন্ধন করার পরে অনেক হজযাত্রী মারা যান কিংবা অসুস্থ হয়ে পড়েন। এতে অনেক সময় তাঁর পরিবারের সদস্যরাও স্বেচ্ছায় হজযাত্রা বাতিল করেন। এজেন্সিগুলো নিবন্ধিত হজযাত্রীর জন্য সৌদি আরবে বাড়িভাড়া থেকে শুরু করে সব খরচ করে ফেলে। বদলি হজযাত্রী নেওয়ার সুযোগ দিলে এজেন্সিগুলো রক্ষা পায়।
তবে অভিযোগ আছে, কিছু এজেন্সি ভুয়া নাম, পাসপোর্ট ব্যবহার করে হজযাত্রী নিবন্ধন করেছিল। এখন তারা নিবন্ধিত হজযাত্রী অসুস্থ হয়ে পড়েছে কিংবা মারা গেছে জানিয়ে বা নিকটাত্মীয় দেখিয়ে অন্য হজযাত্রীদের পাঠানোর চেষ্টা করছে।
এসব বিষয়ে হজ পরিচালক সাইফুল ইসলাম বলেন, ইতিমধ্যে ৪ শতাংশ হজযাত্রী প্রতিস্থাপনের সুযোগ এজেন্সিগুলোকে দেওয়া হয়েছে। প্রতিস্থাপনের কোটা বাড়ানো হবে কি না, সেটি সরকারের উচ্চপর্যায়ের সিদ্ধান্ত। ভুল পাসপোর্ট দিয়ে কারও নিবন্ধন করা হয়েছে কি না, সেটি খতিয়ে দেখা হচ্ছে।