হজযাত্রী বহনের দায়িত্ব পাচ্ছে বেসরকারি ১০ এয়ারলাইনস
বিমান ও সৌদি এয়ারলাইনসের বাইরে হজযাত্রী পরিবহনে ১০টি বেসরকারি ও আন্তর্জাতিক আকাশ পরিবহন সংস্থাকে দায়িত্ব দেওয়া হচ্ছে। এ ১০টি সংস্থা প্রায় ৩০ হাজার হজযাত্রী পরিবহন করবে।সংস্থাগুলো হচ্ছে: আমিরাত এয়ারলাইনস, গালফ এয়ার, কুয়েত এয়ারওয়েজ, পিআইএ, কাতার এয়ারওয়েজ, ইত্তিহাদ এয়ারওয়েজ, বাহরাইন এয়ার, এয়ার এ্যারাবিয়া, জিএমজি ও ইউনাইটেড এয়ারওয়েজ।গতকাল মঙ্গলবার সচিবালয়ে তৃতীয় সংস্থা হিসেবে দায়িত্ব নিতে আগ্রহী আকাশ পরিবহন সংস্থাগুলোর প্রতিনিধিদের বৈঠকের পর বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী জি এম কাদের সাংবাদিকদের এ তথ্য জানান।বিমানমন্ত্রী বলেন, এসব সংস্থার কাছ থেকে যাত্রীপ্রতি ভাড়া এবং হজযাত্রী পরিবহনের ক্ষমতা সম্পর্কে জানতে চাওয়া হয়েছে। কয়েক দিনের মধ্যেই সংস্থাগুলো মন্ত্রণালয়কে এ বিষয়ে অবহিত করবে। এরপরই তাদের সঙ্গে চুক্তি করবে সরকার।আগামী হজ মৌসুমে ৯০ হাজার আগ্রহী ব্যক্তি হজে যাওয়ার জন্য নিবন্ধিত হয়েছেন উল্লেখ করে বিমানমন্ত্রী বলেন, আগামী ৮ অক্টোবর থেকে হজযাত্রী পরিবহন শুরু হবে। ১২ নভেম্বরের মধ্যে হজযাত্রী পরিবহন সম্পন্ন হবে। হজ শেষে ২২ নভেম্বর থেকে হাজিদের নিয়ে ফিরতি ফ্লাইট শুরু হবে। ২১ ডিসেম্বরের মধ্যে সব হাজিকে ফিরিয়ে আনা হবে। এ জন্য বাংলাদেশ বিমান ইতিমধ্যেই দুটি এয়ারক্রাফট ভাড়া করেছে।বিমান এ বছর ন্যূনতম ৪৫ হাজার হজযাত্রী বহন করবে। চুক্তি অনুযায়ী সৌদি এয়ারলাইনসও যাত্রী বহন করবে। বাকি হাজিরা ইচ্ছা করলে বেসরকারি তৃতীয় আকাশ পরিবহন সংস্থাগুলো বহন করতে পারবেন।হজযাত্রীদের বিমান ভাড়ার হার সম্পর্কে মন্ত্রী জানান, সরকার এক হাজার ৩৫০ ডলার করে ভাড়া নির্ধারণ করেছে। সব সরকারি ও বেসরকারি আকাশ পরিবহন সংস্থা একই টাকায় টিকিট বিক্রি করবে। বেসরকারি সংস্থাগুলো থেকে চূড়ান্ত প্রস্তাব পাওয়া গেলেই সরকারের পক্ষ সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ এবং বিমান এসব সংস্থার সঙ্গে চুক্তি করবে বলে জানান জি এম কাদের।