হজযাত্রী সঙ্গীকে জানিয়ে রাখুন হারালে কোথায় অপেক্ষা করবেন
হজ করতে এসে হঠাৎ হারিয়ে যেতে পারেন। সঙ্গীকেও হারিয়ে ফেলতে পারেন। তবে এ কারণে দুশ্চিন্তার কিছু নেই। এজেন্সি, দলনেতা ও সঙ্গীর মুঠোফোন নম্বর কাগজে লিখে নিজের সঙ্গে রাখুন। হারিয়ে গেলে তাঁদের সঙ্গে যোগাযোগ করে অপেক্ষা করুন নির্দিষ্ট স্থানে। আর সঙ্গীকেও জানিয়ে রাখুন হারিয়ে গেলে কোথায় অপেক্ষা করতে হবে।
সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, হজ করতে এসে মক্কায় হারিয়ে যাওয়ার ঘটনা নিয়মিত ঘটে। যদিও স্থানীয়, প্রবাসী, সৌদি কর্মী, মক্কার মিসফালা বাংলাদেশ হজ কার্যালয়ে হারানো হজযাত্রীদের পৌঁছে দেন। হজ কার্যালয়ের আইটি হেল্প ডেস্ক এজেন্সির মাধ্যমে হারিয়ে যাওয়া হজযাত্রীদের নিজেদের ঠিকানায় পৌঁছে দেন। এরপরও হঠাৎ করে হারিয়ে গেলে হজযাত্রীরা দিশেহারা হয়ে পড়েন।
বেশ কয়েকবার হজ করেছেন, এমন হজযাত্রীদের কাছ থেকে জানা গেছে, সৌদি আরবে পৌঁছে মক্কায় নির্দিষ্ট বাড়িতে মালপত্র রেখে হজযাত্রীরা ওমরাহ পালন করতে বের হন। সে সময় কোনো কিছু বুঝে ওঠার আগে তাওয়াফ, সাঈ করতে গিয়ে সঙ্গীদের হারিয়ে ফেলেন। মসজিদুল হারাম বিশাল এলাকাজুড়ে। প্রায় ১০০টি প্রবেশপথ রয়েছে। তা ছাড়া মসজিদুল হারাম সম্প্রসারণের জন্য ভেতরে-বাইরে নির্মাণকাজ চলছে। প্রবেশপথগুলো দেখতে একই রকম হলেও নাম ও গেট নম্বর ভিন্ন। অচেনা জায়গা হওয়ায় খুব সহজেই হজযাত্রীরা সেখানে হারিয়ে যান। বিশেষ করে তাওয়াফ, সাঈ করতে গিয়ে হজযাত্রীরা বেশি হারান। তাই সঙ্গীকে আগেই বলে রাখুন, তাওয়াফ শেষ করে কোথায় নামাজ পড়বেন। আবার সাঈ করতে গিয়ে সাফা বা মারওয়া পাহাড়ে গিয়ে হারিয়ে গেলে কোথায় অপেক্ষা করতে হবে, সেটা সঙ্গীর সঙ্গে আলোচনা করে ঠিক করে রাখুন।
এ ছাড়া সব সময় আপনার সঙ্গীর মুঠোফোন নম্বর, এজেন্সির নাম ও মুঠোফোন নম্বর একটি কাগজে লিখে নিজের কাছে রাখুন। যাতে হারিয়ে গেলেও ফোন করে আপনি কোথায় অপেক্ষা করছেন, তা জানাতে পারেন।
জানা গেছে, এবার বাংলাদেশি হজযাত্রীদের মধ্যে ৩৫ শতাংশের বয়স ৬০ বছরের বেশি, ৪২ শতাংশের বয়স ৪৫ থেকে ৬০ বছর, ২২ শতাংশের বয়স ১৮ থেকে ৪৫ বছর এবং ১ শতাংশ হজযাত্রীর বয়স ১৮ বছরের নিচে।