হজযাত্রীদের জন্য ই-টিকিট চালু করেছে বিমান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবার হজযাত্রীদের জন্য সম্পূর্ণ ইলেকট্রনিক টিকিট (ই-টিকিট) চালু করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। ইতিমধ্যে অনলাইনে হজের টিকিট বিক্রি শুরু হয়েছে।

গতকাল রোববার বিমানের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা কেভিন জন স্টিল এ ঘোষণা দেন।

কেভিন স্টিল বলেন, ৭ সেপ্টেম্বর বিমানের হজ ফ্লাইট শুরু হচ্ছে। এ জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। হজ ফ্লাইট পরিচালনা করতে একটি বোয়িং-৭৪৭ ও একটি বোয়িং-৭৬৭ উড়োজাহাজ ভাড়ায় আনা হয়েছে। এ ছাড়া বিমানের নিজস্ব দুটি বোয়িং-৭৭৭ দিয়েও হজযাত্রীদের পরিবহন করা হবে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ধর্ম মন্ত্রণালয়ের হিসাবে এ বছর বাংলাদেশ থেকে মোট ৮৮ হাজার ৯১১ জন হজে যাবেন। সৌদি আরব ও বাংলাদেশের মধ্যে চুক্তি অনুযায়ী মোট হজযাত্রীর অর্ধেক বাংলাদেশ বিমান এবং বাকি অর্ধেক সৌদি এয়ারলাইনস ও নাস এয়ারওয়েজ পরিবহন করবে। এ হিসাবে এবার ৪৪ হাজার ৫০০ জন হজযাত্রী পরিবহন করবে বিমান। এ জন্য ৯২টি হজ ফ্লাইটের পাশাপাশি ঢাকা-জেদ্দা রুটের ২২টি নিয়মিত ফ্লাইটেও হজযাত্রী পরিবহন করা হবে। ঢাকার পাশাপাশি চট্টগ্রাম ও সিলেট থেকেও হজযাত্রী পরিবহন করবে বিমান।

মার্চে আসছে দুটি বোয়িং, চালু হবে নতুন গন্তব্য: বিমানের ভবিষ্যৎ পরিকল্পনা প্রসঙ্গে কেভিন স্টিল বলেন, আগামী ফেব্রুয়ারি-মার্চে বহরে আরও দুটি নতুন বোয়িং-৭৭৭ উড়োজাহাজ যুক্ত হবে। এ দুটি উড়োজাহাজ দিয়ে নিউইয়র্ক, ইউরোপ ও গণচীনে ফ্লাইট চালু করা হবে। এ ছাড়া মধ্যপ্রাচ্যে ফ্লাইট পরিচালনার জন্যও উড়োজাহাজ দুটি ব্যবহার করা হবে। তিনি জানান, আগামী নভেম্বর নাগাদ অভ্যন্তরীণ রুটের জন্য ‘প্রপেলার’ উড়োজাহাজও যোগ হবে।

বিমানের এমডি জানান, বিমানের চেয়ারম্যান গত ২৭ আগস্ট দুবাইয়ে ‘এশিয়াস মোস্ট প্রমিসিং লিডার্স অ্যাওয়ার্ড’ পেয়েছেন। ওয়ার্ল্ড কনসালটিং অ্যান্ড রিসার্চ করপোরেশন এ পুরস্কার দিয়েছে। এয়ারলাইনস শাখায় বিমানও পুরস্কার জিতেছে এক নম্বর ‘প্রমিসিং ব্র্যান্ড’ হিসেবে।

প্রধান কার্যালয় বলাকা ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিমানের বিক্রয় ও বিপণন বিভাগের পরিচালক শাহনেওয়াজ, মহাব্যবস্থাপক (জনসংযোগ) খান মোশাররফ হোসেনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।