হজযাত্রীদের জন্য এমআরপি ও নিবন্ধন বাধ্যতামূলক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১৫ সালের হজযাত্রীদের টাকা আগামী ১৫ ডিসেম্বর জমা নেওয়া শুরু হবে। তবে এবার হজে যেতে যন্ত্রে পাঠযোগ্য পাসপোর্ট (এমআরপি) বাধ্যতামূলক করা হয়েছে। এ ছাড়া হজযাত্রীদের নির্ধারিত ফরম পূরণ করে মোয়াল্লেম ফি জমা দিয়ে ৩০ জানুয়ারির মধ্যে নিবন্ধন করতে হবে।
গতকাল বৃহস্পতিবার সকালে ধর্ম মন্ত্রণালয়ে হজসংক্রান্ত আন্তমন্ত্রণালয় সভায় এ সিদ্ধান্ত হয়। সভা শেষে মন্ত্রণালয়ের সভাকক্ষে সংবাদ ব্রিফিংয়ে ধর্মমন্ত্রী মতিউর রহমান এ তথ্য জানান।
সৌদি সরকারের নতুন নিয়ম অনুযায়ী, ২০১৫ সাল থেকে হজযাত্রীদের আগেই নিবন্ধন করতে হবে। অনলাইনেও হজযাত্রীরা নিবন্ধন করতে পারবেন। সরকার অনলাইনে ডেটা এন্ট্রি করে ওই তালিকা সৌদি সরকারের কাছে সরবরাহ করবে।
ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে ধর্মমন্ত্রী বলেন, গত বছর ২১টি এজেন্সি হজযাত্রীদের সঙ্গে প্রতারণা করেছে। তাদের লাইসেন্স বাতিল এবং জরিমানা করাসহ শাস্তি দেওয়া হবে। এ জন্য কমিটি গঠন করা হয়েছে।