হজযাত্রীদের জন্য খাবার ও নাশতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আর কয়েক দিন পর পবিত্র হজ। মক্কা হয়ে উঠেছে বিশ্বনগর। বিশ্বের নানা প্রান্ত থেকে নানান ভাষা-বর্ণের মানুষ হজ পালন করতে এসেছেন। সবার উদ্দেশ্য আল্লাহর সন্তুষ্টি অর্জন। সৌদি সরকারের পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তি তাঁদের খাবার-দাবার উপহার দিচ্ছেন। স্থানীয়ভাবে একে সাবিল বলা হয়।
কিছু ভিক্ষুক, প্রতারক আর পকেটমারের কারণে বিড়ম্বনায়ও পড়তে হচ্ছে সাধারণ হজযাত্রীদের।
হজযাত্রীদের অনেকে রোজা রাখেন। রোজা রাখলে ইফতার নিয়ে বাড়তি চিন্তা মাথায় রাখতে হয়। দুই দিন আগে পবিত্র মসজিদুল হারামে মাগরিবের নামাজের জন্য অপেক্ষা করছি। কিছু লোক এসে আমাদেরসহ সামনের কয়েক কাতারে পলিথিন বিছিয়ে দিলেন। একটু পর ওই পলিথিনের ওপর একে একে গ্লাস, পানি, খেজুর ও গাওয়া রেখে গেলেন তাঁরা। আজান শেষ হলে সবাইকে ছোট প্লাস্টিকের পাত্রে খেজুর দেওয়া হলো। এরপর ছোট কাপে সৌদি আরবে প্রচলিত পানীয় গাওয়া (গরম পানিতে বিভিন্ন ধরনের মসলা দিয়ে তৈরি, চায়ের মতো পান করতে হয়) পরিবেশন করা হলো।
ভোররাতে মসজিদুল হারামের দিকে যাওয়া হজযাত্রীদের জন্য কেউবা রাস্তার পাশে বিশাল ফ্লাস্কে চা নিয়ে বসে থাকেন। ডেকে ডেকে চা দেন। কখনো দুপুরে রাস্তার পাশে মাইক্রোবাস থেকে রুটি, তরকারি আর পানির বোতল, আপেল-কলা অথবা পলিথিনে করে বিরিয়ানি দেন কেউ। হজযাত্রীদের অনেকে এসব খাবার খান।
মিসফালাহ সেতুর নিচে সৌদি সরকারের পক্ষ থেকে নাশতার প্যাকেট দেওয়া হয়। প্যাকেটে কেক, বিস্কুট, জুস ও পানি থাকে। লাইনে দাঁড়িয়ে প্যাকেট নিতে পাঁচ মিনিটও লাগে না। আমার সঙ্গী রাসেল আহমেদ এভাবে লাইন ধরে নাশতা নিতে রাজি নন। বললেন, ‘আমরা তো ফকির-মিসকিন না।’ একজন স্বেচ্ছাসেবকের কণ্ঠের আওয়াজে চাপা পড়ে গেল রাসেলের কথা। স্বেচ্ছাসেবক বলছেন, ‘ডিয়ার ফ্রেন্ড, হালাল গিফট।’ এরপর থেকে বিকেলের নাশতা এই সাবিল দিয়ে করছি।
মসজিদুল হারামের ভেতরে জুতা রাখার অনেক জায়গা আছে। মসজিদের বাইরেও আছে জুতা রাখার ব্যবস্থা। অনেকে অবশ্য সঙ্গে থাকা ব্যাগেই জুতা রাখেন। নির্দিষ্ট জায়গায় জুতা না রাখলে এবং নামাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে তা নিতে ভুলে গেলে আর পাওয়ার উপায় নেই। কারণ, কিছুক্ষণ পর পর মসজিদের পরিচ্ছন্নতাকর্মীরা জুতাগুলো পরিত্যক্ত হিসেবে বস্তায় ভরে নিয়ে যান। এ রকম হলে মসজিদ থেকে বের হয়ে জুতা কিনতে হয়। অবশ্য পথে বের হলেই দেখা মিলবে জুতা বিক্রেতাদের।
মসজিদুল হারাম থেকে রাস্তায় বের হওয়ার পর অনেকের পথ আগলে দাঁড়ান একদল নারী ভিক্ষুক। কোলে ছয় মাস থেকে এক বছর বয়সী শিশু থাকা এই নারীরা ভিক্ষা না পাওয়া পর্যন্ত পথ ছাড়েন না। এঁরা থাকেন মক্কার ইব্রাহিম খলিল রোডে হারাতুর রুশদ দাখালায়। পবিত্র রমজান মাস ও হজের সময় কিছু লোক এঁদের এনে ভিক্ষাবৃত্তি করান।
মক্কার একটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সগীর আহমেদ বললেন, ভারতের উত্তর প্রদেশ, মুর্শিদাবাদের মতো বাংলাদেশের ভিক্ষুকও আছে। গত বুধবার বাংলাদেশি এক ভিক্ষুক দেখেছেন। কবে, কীভাবে এসেছেন জানতে চাইলে তিনি চাপা ও ঝাঁজাল কণ্ঠে তাঁকে না খোঁচাতে বলেছেন।
প্রতারণা: কিছু মানুষ প্রতারণা করে অর্থ আয়ের চেষ্টা করেন। কয়েক দিন আগে সাফা-মারওয়া পাহাড়ের কাছে এক দম্পতি উর্দুতে জানতে চাইলেন, আমি ভারতীয় নাকি বাংলাদেশি। বাংলাদেশি জানানোর পর পুরুষটি বললেন, তাঁরা দুবাই থেকে গাড়ি নিয়ে এসেছেন। এখানে তাঁদের পকেটমার হয়েছে। খাবারের জন্য কিছু পয়সা দরকার। একসঙ্গে খাওয়ার কথা বললেও তাঁরা রাজি হলেন না, অর্থ চাইলেন।
ঘটনাটি জানালে মক্কাপ্রবাসী মাকসুদ সেলিম বললেন, এঁরা হজযাত্রীদের কাছ থেকে এভাবে প্রতারণা করে টাকা নেয়। পাকিস্তানি কিছু লোক আছে, তারা মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকে এবং হজের সময় এসে এভাবে প্রতারণা করে। আরেক দল আছে, দামি গাড়ি নিয়ে আসে। ভেতরে নারী-শিশু থাকে। তারাও দুবাই থেকে আসার পর পকেটমার হয়েছে দাবি করে তেল কেনার টাকা চায়। পরিবারসহ বিপদে আছে ভেবে অনেকে কিছু রিয়ালও দেন।
পকেটমার: বাংলাদেশ হজ কার্যালয়ে এসে নাম প্রকাশে অনিচ্ছুক একজন হজযাত্রী একটু আগে তাঁর পকেটমার হওয়ার কথা জানালেন। তিনি বললেন, রাস্তায় হজযাত্রীদের মধ্যে হালকা খাবার বিতরণ করা হচ্ছিল। তিনি জটলার ফাঁক দিয়ে দেখার চেষ্টা করছিলেন। কিছুক্ষণ পর পাঞ্জাবির পকেটে হাত দিয়ে দেখেন টাকা নেই।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সগীর বললেন, নাইজেরিয়া, মালে ও পাকিস্তান থেকে এ সময় পকেটমারেরা আসে।
জেদ্দা বিমানবন্দর সূত্র বলেছে, বাংলাদেশ থেকে এ পর্যন্ত ৯৩ হাজার ৮১৬ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন।