হজযাত্রীদের নিবন্ধন ফি নেওয়ার সময় পুনর্নির্ধারণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীদের নিবন্ধন ফি নেওয়ার সময় পুনর্নির্ধারণের প্রস্তাব আজ সোমবার অনুমোদন করেছে মন্ত্রিসভা। নতুন সিদ্ধান্ত অনুযায়ী আগামী ৫ ফেব্রুয়ারির মধ্যে হজযাত্রীরা নির্ধারিত টাকা জমা দিয়ে নিবন্ধন করতে পারবেন। বাকি টাকা ১০ জুনের মধ্যে দিতে হবে।

আজ সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার এ বৈঠক হয়। সভা শেষে মন্ত্রিপরিষদ সচিব মোশাররাফ হোসাইন ভূইঞা সাংবাদিকদের এসব তথ্য জানান।

সচিব বলেন, সরকারি ব্যবস্থাপনায় যেতে আগ্রহী হজযাত্রীদের আগামী ৫ ফেব্রুয়ারির মধ্যে ৫১ হাজার ৬৯০ টাকা জমা দিয়ে নিবন্ধন করতে হবে। বেসরকারি ব্যবস্থাপনায় ৪৮ হাজার ৩৩১ টাকা দিয়ে নিবন্ধন করতে হবে। উভয় ক্ষেত্রে বাকি টাকা ১০ জুনের মধ্যে দিতে হবে ৷

সরকারি ব্যবস্থাপনায় এক নম্বর প্যাকেজের যাত্রীরা শেষ কিস্তিতে দেবেন তিন লাখ তিন হাজার ৫৫ টাকা৷ দুই নম্বর প্যাকেজের হজযাত্রীরা দেবেন দুই লাখ ৪৪ হাজার ৫১৬ টাকা ৷

আজকের মন্ত্রিসভার বৈঠকে যুব সংগঠন নিবন্ধন এবং পরিচালনা আইন-২০১৫-এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। নতুন আইনে স্বেচ্ছাসেবী যুব সংগঠনগুলোকে যুব অধিদপ্তরের অনুমতি নিতে হবে ৷ সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীনে এমন যুব সংগঠন আছে ১৪ হাজার৷ আইনটি কার্যকর হওয়ার ছয় মাসের মধ্যে পুরোনো সংগঠনগুলো যুব অধিদপ্তর থেকে নতুন নিবন্ধন নয়, স্বীকৃতি নেবে। নিবন্ধন ছাড়া কেউ যুব সংগঠন পরিচালনা করলে তাঁকে অনধিক ছয় মাসের কারাদণ্ড বা ৫০ হাজার টাকা জরিমানা দিতে হবে।
এ ছাড়া আজকের সভায় বাংলাদেশ-চীন পাওয়ার কোম্পানি প্রাইভেট লিমিটেড গঠনের ভুতাপেক্ষ অনুমোদন দেওয়া হয়েছে। একই সঙ্গে গত বছর মন্ত্রিসভার বৈঠকে নেওয়া সিদ্ধান্ত বাস্তবায়নের বিষয়ে চতুর্থ ত্রৈমাসিক (অক্টোবর ডিসেম্বর) প্রতিবেদন উপস্থাপন করা হয় ৷